দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন আরোহী।
নিহত দুজন হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের হিরণ্ময় হালদারের ছেলে চিন্ময় হালদার (৪০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে হাফিজুর রহমান মোল্লা (৩৫)। নিহত চিন্ময় জিয়ানগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের দোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে পিরোজপুর থেকে চিন্ময় একটি মোটরসাইকেলে মোরেলগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় দোনা নামক স্থানে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক চিন্ময় ও হাফিজুর ঘটনাস্থলে নিহত হন। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।