দুটি মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ৩
রংপুর শহর ও বগুড়ার আদমদীঘি উপজেলায় গত শুক্রবার রাতে দুটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘির হাউসপুর গ্রামের মজনু মিয়া, আব্দুর রাজ্জাক ও নূরুল ইসলাম।
রংপুর শহরের মেডিকেল পূর্বগেট এলাকার কম্পিউটার ব্যবসায়ী চঞ্চল রায় (৩০) মোটরসাইকেলে করে কারমাইকেল কলেজের পাশে কলেজপাড়ায় বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। তিনি গাড়ি না থামানোয় দৃর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এদিকে আদমদীঘির বনতইর গ্রামের হেলাল উদ্দিন ও টুলু নামের দুই ব্যক্তি শুক্রবার রাতে মোটরসাইকেলে করে চাঁপাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে তাঁরা বলদাকুড়ি এলাকায় পৌঁছালে সাত-আটজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে মোটরসাইকেলটি নিয়ে যায়।