দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার ছোয়াব আলী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদভাগ গ্রামের মুকিতুল ইসলাম (৪০) ও মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের ফরিদ মিয়া (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ছোয়াব আলী বাজারের পাশে শুক্রবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির চালক মুকিতুল ইসলাম ও ফরিদ মিয়া গুরুতর আহত হন। তাঁদের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুজনেই মারা যান।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালকের প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন।