দুটি মৌজায় কার্যক্রমে স্থিতাবস্থার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল প্রকল্পের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়কাউ ও পাড়াবর্থা মৌজার কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে তিন মাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে পক্ষগুলোকে বলা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজউক চলতি বছর পূর্বাচল প্রকল্পের কার্যক্রম শুরু করে। তবে ওই দুটি মৌজার ক্ষেত্রে পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন ছাড়া কার্যক্রম অব্যাহত রাখায় এর বৈধতা চ্যালেঞ্জ করে আইন ও সালিস কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) সাতটি বেসরকারি সংগঠন হাইকোর্টে রিট করে।
প্রাথমিক শুনানি নিয়ে গত ১ আগস্ট হাইকোর্ট পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন ছাড়া পূর্বাচল প্রকল্পের ভূমি উন্নয়ন বা অন্য সব কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে রাজউককে নির্দেশ দেন। বড়কাউ ও পাড়াবর্থা মৌজায় পূর্বাচলের নতুন প্রকল্পের লে-আউট কেন অবৈধ ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
আদালত সূত্র জানায়, হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাজউক। ২০ আগস্ট চেম্বার বিচারপতি ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেন। এই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রিট আবেদনকারীপক্ষ। পরে চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গতকাল শুনানি হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও ইকবাল কবির। রাজউকের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
ইকবাল কবির প্রথম আলোকে বলেন, ২০ আগস্ট দেওয়া আদেশ সংশোধন করে আপিল বিভাগ সার্বিক বিবেচনায় ওই দুটি মৌজার কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। ফলে পূর্বাচল প্রকল্পের ওই দুই মৌজায় কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।
মোতাহার হোসেন বলেন, ওই প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে প্লট বরাদ্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে হাইকোর্টে তিন মাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে বলেছেন।