দুটি যুদ্ধজাহাজের নির্মাণকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনের উচাং শিপইয়ার্ডে নির্মিত দুটি আধুনিক যুদ্ধজাহাজের নির্মাণকাজের উদ্বোধন করেছেন। এ সময় চীনে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে নাসিম আক্তার, চায়না শিপবিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানির প্রেসিডেন্ট ইয়াং ঝিগাং, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন আধুনিক যুদ্ধজাহাজ (করভেট) দুটির প্রতিটি দৈর্ঘ্যে ৯০ মিটার ও প্রস্থে ১১ মিটার, যার ওজন প্রায় ১ হাজার ৩৫০ টন। জাহাজ দুটি ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম হবে। প্রতিটি জাহাজে থাকবে মেরিটাইম হেলিকপ্টার বহনের জন্য হেলিপ্যাড। তা ছাড়া জাহাজ দুটিতে আরও থাকবে শত্রুজাহাজ ধ্বংসকারী সারফেস টু সারফেস মিসাইল, শত্রুবিমান ধ্বংসকারী সারফেস টু এয়ার মিসাইল এবং ৭৬ মিলিমিটার ও ৩০ মিলিমিটার আধুনিক গান। ২০১৯ সাল নাগাদ যুদ্ধজাহাজ দুটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যায়।

যুদ্ধজাহাজ দুটি নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের বর্ধিত সমুদ্রসীমায় সার্বক্ষণিক নজরদারি ও উপকূলীয় এলাকার নিরাপত্তা
নিশ্চিত করাসহ অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান রোধ করা সম্ভব হবে। পাশাপাশি জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় মূল্যবান প্রাকৃতিক সম্পদের সুরক্ষাও নিশ্চিত করবে। আইএসপিআর