দুটি রিভলবারসহ ময়মনসিংহে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকা থেকে দুটি রিভলবারসহ দুই ছিনতাইকারীকে গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে আটক করেছে র্যাব। পরে র্যাব বাদী হয়ে দায়ের করা মামলায় কোতোয়ালি মডেল থানার পুলিশ আটক হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।র্যাব-৯ কোম্পানি-২ ময়মনসিংহ কার্যালয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শহরের রেলওয়ে স্টেশনসংলগ্ন কৃষ্টপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল কৃষ্টপুর এলাকার মালঞ্চ কলোনি জামে মসজিদসংলগ্ন স্থানে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালায়। এ সময় র্যাবের সদস্যরা দুটি রিভলবারসহ কৃষ্টপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. শরীফ (২৫) ও একই এলাকার তারা মিয়ার ছেলে সজীবকে (২৪) আটক করেন। র্যাব-৯ কোম্পানি-২ ময়মনসিংহের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার কাউসার মাহমুদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অস্ত্র ঠেকিয়ে এলাকায় ছিনতাই করে আসছিলেন। তাঁদের মধ্যে সজীবের বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানায় একাধিক মামলা রয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, র্যাবের দায়ের করা মামলায় অস্ত্রসহ আটক দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।