দুটি রোগনির্ণয় কেন্দ্রের ভিন্ন প্রতিবেদন, বিপাকেদম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দুটি রোগনির্ণয় কেন্দ্র ভিন্ন প্রতিবেদন দেওয়ায় বিপাকে পড়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক দম্পতি।

উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের সাত মাসের অন্তঃসত্ত্বা জোসনা আক্তার গত ৩১ মে উপজেলা সদরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করান। প্রতিবেদনে বলা হয়, তাঁর গর্ভের সন্তান মৃত। এ রোগনির্ণয় কেন্দ্রের চিকিৎসক ব্যবস্থাপত্র দিয়ে জোসনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন।

গত সোমবার জোসনাকে নিয়ে তাঁর স্বামী ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। ওই প্রতিবেদন নিয়ে সন্দেহ হলে ঈশ্বরগঞ্জ উপজেলায় পৌঁছে বুডা ডায়াগনস্টিক সেন্টারে জোসনা আবারও আলট্রাসনোগ্রাম করান। এ দফার প্রতিবেদনে জোসনার গর্ভের সন্তানকে জীবিত উল্লেখ করা হয়।

জোসনার স্বামী মুকসুদ আলী প্রথম আলোকে বলেন, ‘এখন কী করব বুঝে উঠতে পারছি না। এই যদি হয় রোগনির্ণয় কেন্দ্রের পরীক্ষা-নিরীক্ষার অবস্থা, তাহলে মানুষ কোথায় যাবে?’

এ ব্যাপারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে স্বাক্ষরকারী চিকিৎসক প্রথম আলোকে বলেন, এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও আধুনিক যন্ত্রের দরকার, যেটা কেন্দুয়াতে নেই।

তা ছাড়া তাৎক্ষণিকভাবে শিশুটির হূৎস্পন্দনও পাওয়া যায়নি। অপর রোগনির্ণয় কেন্দ্রের প্রতিবেদনটি ছবিসহ দেখলে বিষয়টি নিশ্চিত হওয়া যেত।

জোসনার ব্যবস্থাপত্র প্রদানকারী চিকিৎসক প্রথম আলোকে বলেন, জোসনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আরও ভালো জায়গা থেকে আলট্রাসনোগ্রাম করাতে বলা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের বুডা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।