দুটি লঞ্চ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান
যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ ও এমভি শাতিল-১ দুর্ঘটনায় গঠিত দুটি কমিটির তদন্ত প্রতিবেদন পক্ষপাতদুষ্ট উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটি এবং বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনসহ নৌ-নিরাপত্তার স্বার্থে তারা সাত দফা দাবি জানিয়েছে।
গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও নাগরিক অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন দুটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, তদন্ত কমিটির সদস্যরা অভিযুক্ত কর্মকর্তাদেরই সহকর্মী। এ জন্য তাঁদের রক্ষার জন্য দুটি প্রতিবেদনেই দুর্ঘটনার মূল কারণ এড়িয়ে যাওয়া হয়েছে। এমভি মিরাজ-৪-এর ত্রুটিপূর্ণ ও সংশোধিত নকশার ভিত্তিতে ২০১০ সালে অস্থায়ী নিবন্ধন ও ফিটনেস সনদ দিয়ে এক বছর লঞ্চটিকে বেআইনিভাবে চলাচলের সুযোগ দেওয়া হলেও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সদরঘাট কার্যালয়ের তৎকালীন প্রকৌশলী ও জাহাজ জরিপকারক এ এস এম নাজমুল হককে দায়ী করা হয়নি।
সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান তুষার রেহমান, নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটির আশীষ কুমার দে। বিজ্ঞপ্তি।