চট্টগ্রামে বেসরকারি সাদার্ন বিশ্ববিদ্যালয়ের দুটি অননুমোদিত ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরের চকবাজার ও হালিশহর এলাকার এ দুটি ক্যাম্পাস মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করে দেয় পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘সাদার্ন বিশ্ববিদ্যালয়ের নগরের মেহেদীবাগ এলাকার ক্যাম্পাসের অনুমোদন রয়েছে। এর বাইরে নগরের হালিশহর ও চকবাজার এলাকায় দুটি শাখা ক্যাম্পাস রয়েছে। ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সায়মা ইউনুস স্বাক্ষরিত এক চিঠিতে অবৈধ ক্যাম্পাসগুলোর কার্যক্রম বন্ধসহ সংশ্লিষ্ট স্থাপনা থেকে উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসকের মাধ্যমে এ চিঠি পেয়ে পুলিশ কমিশনার মহোদয় আমাদের অবৈধ ক্যাম্পাস বন্ধের জন্য বলেন। পরে ক্যাম্পাস কর্তৃপক্ষকে বলা হলে তারা কার্যক্রম বন্ধ করে দেয়।’
রেজিস্ট্রার মমতাজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে শাখা ক্যাম্পাসগুলো বন্ধের জন্য বলা হলেও বন্ধ না হওয়ায় আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। ২০১০ সাল থেকে শাখা ক্যাম্পাসগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই। এর পরও তারা আমাদের নাম ব্যবহার করে শিক্ষার্থী ভর্তি করিয়েছে।’