দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০টি স্থাপনা যমুনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা এলাকায় যমুনা নদীর ডান তীরে নতুন করে ভাঙন চলছে। গত তিন-চার দিনে শহীদ আহসান হাবীব উচ্চবিদ্যালয়, খারুয়া জয়কৃষ্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদসহ ৫০টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা এলাকায় যমুনা নদীর ডান তীরে নতুন করে ভাঙন চলছে। গত তিন-চার দিনে শহীদ আহসান হাবীব উচ্চবিদ্যালয়, খারুয়া জয়কৃষ্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদসহ ৫০টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়ায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। গত তিন-চার দিনের ব্যবধানে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদসহ ৫০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।
গত রোববার সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, যমুনার ডান তীরে শিমলা স্পার এলাকায় নদী ভাঙছে। মাস খানেক আগে এখানে দুটি বিদ্যালয়, একটি মসজিদসহ বেশ কিছু বাড়িঘর ছিল, সেগুলো আর নেই। যেখানে বিদ্যালয় ছিল, সেই ভিটার অর্ধেক নদীতে বিলীন হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত এলাকার ১৫-২০ জন জানান, এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে যমুনা নদীতে চার ফুট পানি বেড়েছে। ফলে নদীতে স্রোতের সৃষ্টি হওয়ায় ডান তীরে সদর উপজেলার শিমলা-২ নম্বর স্পার থেকে উত্তরে বালুঘুঘরি হয়ে বাহুকা পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। গত তিন-চার দিনের ব্যবধানে শহীদ আহসান হাবীব উচ্চবিদ্যালয় ও খারুয়া জয়কৃষ্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদসহ ৫০টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে বালুঘুঘরি এলাকার গত বছর নির্মিত অস্থায়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়েছে। এটি যেকোনো মুহূর্তে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বালুঘুঘরি গ্রামের ইয়াকুব আলী জানান, ভাঙন শুরু হলেও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা এখন দেখতে পর্যন্ত আসেন না। ডান তীর থেকে নদী অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে একটি চর জেগে ওঠায় পানি সরাসরি বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ ডান তীরের শিমলা স্পার পর্যন্ত আঘাত হানছে। যে কারণে ভাঙন বেড়েছে। পানির গতিপথ পরিবর্তন করতে এই স্থানে ভরাট এবং উত্তরের একটি চ্যানেলে কেটে পানির প্রবাহ পরিবর্তন করার জন্য খননযন্ত্র আনলেও বন্ধ করে রাখা হয়েছে।
শহীদ আহসান হাবীব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, এই এলাকায় একটু পানিতেই ভাঙন শুরু হয়। বিষয়টি নিয়ে গ্রামবাসী পাউবোর কর্মকর্তাদের কাছে কতবার ধরনা দিয়েছে, তাতে কোনো লাভ হয়নি। তারা যদি এক মাস আগে থেকে ভরাটকাজ শুরু করত, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান দুটি নদীগর্ভে যেত না। ভেঙে যাওয়ায় বর্তমানে অন্য স্থানে স্বল্প জায়গার মধ্যে ক্লাস নিতে হচ্ছে।
সার্বিক বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, এই এলাকার ভাঙনরোধে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই দুটি খননযন্ত্র এসেছে। পাইপ না আসায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহে কাজ শুরু করা যেতে পারে। এ ছাড়া পুরোনো বাঁধের পশ্চিমে নতুন করে ২ দশমিক ৩৫ কিলোমিটার নতুন অস্থায়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধের কাজও শুরু হবে।