দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে নির্মাণসামগ্রী, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগমারার বাইগাছা বিদ্যালয় মাঠে এভাবে ছড়িয়ে–ছিটিয়ে রাখা হয়েছে সড়কের পুনর্নির্মাণকাজের সামগ্রী। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
বাগমারার বাইগাছা বিদ্যালয় মাঠে এভাবে ছড়িয়ে–ছিটিয়ে রাখা হয়েছে সড়কের পুনর্নির্মাণকাজের সামগ্রী। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। এর মধ্যে আবার একটির বারান্দায় এসব সামগ্রী রাখা হয়েছে। এতে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতে না পারার পাশাপাশি আগুন দিয়ে পিচ গলানোর কারণে ধোঁয়া সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা ক্লাসও করতে পারছে না। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

৩ জানুয়ারি দুপুরে সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাইগাছা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও বাইগাছা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বারান্দায় খোয়া, পিচ, বিটুমিনসহ বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। প্রতিষ্ঠানের ফটক ঘেঁষে রাখা হয়েছে ওই কাজে ব্যবহৃত কয়েকটি ট্রলি। বিদ্যালয়ের মাঠের এক পাশে মাটি খুঁড়ে নির্মাণ করা হয়েছে চুলা। সেখানে ব্যবহারের অনুপযোগী প্লাস্টিকের জুতা ও স্যান্ডেল পুড়িয়ে পিচ গলানো হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়গুলোর মাঠে ফেলে রাখা এসব নির্মাণসামগ্রী ও পিচ শুভডাঙ্গা ইউনিয়নের তেগাছি মোড় থেকে বারইপাড়া পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ সড়ক পুনর্নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। কাজটি পেয়েছেন এফতার হোসেন নামের স্থানীয় এক ঠিকাদার। ৩ জানুয়ারি কাজ শুরু হয়।

এ বিষয়ে ঠিকাদার এফতার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন নম্বর না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি। তবে কাজটি তদারকির দায়িত্বে থাকা তাঁর ছেলে ডলার হোসেন বলেন, বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় সেখানে নির্মাণসামগ্রী ফেলা হয়েছিল। তবে তাঁরা খুব দ্রুত কাজ শেষ করবেন।

সাত শিক্ষার্থী জানায়, দুর্গন্ধে তারা শ্রেণিকক্ষে থাকতে পারছে না। বছরের প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকেরাও নাক ধরে থাকছেন। মাঠে খেলাধুলাও করা সম্ভব হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে দুজন শিক্ষক বলেন, মাঠের সমস্যা হওয়া ছাড়াও পিচ গলানোর আগুনের ধোঁয়া ও স্যান্ডেল পোড়ানের দুর্গন্ধে শ্রেণিকক্ষে থাকতে সমস্যা হচ্ছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির অনুমতি নিয়ে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় (শীতকালীন ছুটি) ঠিকাদার মাঠে এসব ফেলে রেখেছেন।

আবদুল জব্বার ও দেলশাদ আলী নামের দুজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঠিকাদার কীভাবে মাঠ ব্যবহার করেন? এর দায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এড়াতে পারেন না।

বাইগাছা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান বলেন, বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখায়  সমস্যা হচ্ছে। তবে এসব রাখতে কে অনুমতি দিয়েছে, তা তিনি বলতে চাননি।

এ ব্যাপারে বাইগাছা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি বাগমারার ইউএনও নাছরিন আক্তার বলেন, ‘মাদ্রাসার মাঠ দখল করে রাস্তা সংস্কারের উপকরণ রাখা হয়েছে এমনটি শুনিনি। যদি এ রকম হয়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বাগমারা উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান বলেন, এভাবে বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখা ঠিক হয়নি। তিনিও বিষয়টি জানেন না। তবে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।