দুটি শিশুকে পিষে গেল দ্রুতগামী বাস!
দুই চাচাতো বোন সুজানা (৮) ও রিয়া মণি (৬) হাত ধরাধরি করে পাশের মক্তবে আরবি পড়তে যাচ্ছিল। মহাসড়কে ওঠার পর কিছু বুঝে ওঠার আগেই দুই বোনকে একসঙ্গে পিষে দিয়ে যাত্রীবাহী বাসটি দ্রুত চলে যায়। এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে আশপাশের লোকজন। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হেমগঞ্জ বাজার জামে মসজিদের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিক্ষুব্ধ লোকজন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে। প্রায় ঘণ্টা খানেক পর পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহত সুজানার বাবার নাম শাহাব উদ্দিন ও রিয়া মণির বাবার নাম মাসুদ মিয়া। তাঁদের বাড়ি নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া গ্রামে। ঘটনার প্রত্যক্ষদর্শী হেমগঞ্জ বাজারের পল্লিচিকিৎসক মো. রতন মিয়া (৪৫) বলেন, ঢাকা-তাড়াইল পথের যাত্রীবাহী বাসটি ওই বাজারের প্রবেশমুখের সেতুটি পার হয়ে (ঢাকা-মেট্রো ব ১১-৫৯২৩) সড়কের কিনারায় এসে শিশু দুটিকে চাপা দিয়ে দ্রুত ময়মনসিংহের দিকে চলে যায়। ঘটনাস্থলেই সুজানা মারা যায়। অপর শিশু রিয়া মণিকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক শিশু রিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে নেওয়ার পথে রাস্তায় সে মারা যায়। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন গতকাল দুপুরে বলেন, বেপরোয়া বাসটি আটকানোর জন্য একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু দুটির মৃতদেহ তাদের মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ।