দুটি শুল্ক ঘাঁটি দিয়ে কয়লা আমদানি বন্ধ ১৪ দিন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী ও গোবরাকুড়া শুল্ক ঘাঁটি দিয়ে ১৪ দিন ধরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। এতে সরকার প্রতিদিন মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ঘাঁটি দুটিতে কয়লার মজুদ প্রায় শেষের দিকে। ফলে প্রায় পাঁচ হাজার শ্রমিক ও তিন শতাধিক আমদানিকারক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কড়ইতলী শুল্ক ঘাঁটির পরিদর্শক মো. মকবুল হোসেন জানান, গত ২০ মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক আদেশে জানানো হয়, ১০ টনের কম কয়লা নিয়ে কোনো গাড়ি ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে না। ২০ মে সমিতির কর্মকর্তারা ময়মনসিংহ শুল্ক কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা করলে ১০ টনের জায়গায় আট টন নির্ধারণ করা হয়। এ অবস্থায় গত ২৬ মে থেকে ভারতের রপ্তানিকারকেরা কয়লা রপ্তানি বন্ধ করে দেয়। কড়ইতলী কয়লা আমদানিকারক সমিতির সভাপতি মো. সুরুজ মিয়া জানান, ভারতের পাহাড়ি রাস্তা দিয়ে বড় গাড়িতে কয়লা পরিবহনে সমস্যা হয়। তাই রপ্তানিকারকেরা সাধারণত পাঁচ থেকে সাত টন ধারণক্ষমতার ট্রাক দিয়ে কয়লা রপ্তানি করে। কিন্তু শুল্ক বিভাগের হঠাৎ সিদ্ধান্তের কারণে তারা কয়লা রপ্তানি বন্ধ রেখেছে। গোবরাকুড়া ঘাঁটির আমদানিকারক গনি অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. মকবুল হোসেন বলেন, প্রতিদিন দুটি ঘাঁটি দিয়ে গড়ে তিন শতাধিক গাড়ি কয়লা আসত। কিন্তু ১৪ দিন কয়লা আমদানি বন্ধ থাকায় সরকার প্রতিদিন মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।এ ব্যাপারে ময়মনসিংহ শুল্ক কার্যালয়ের উপ-কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ জানান, শুল্ক ঘাঁটি দুটিতে ওজন মাপার যন্ত্র না থাকায় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারত থেকে ট্রাকে করে পাঁচ থেকে সাত টন কয়লা আমদানির কথা বলে বেশি পরিমাণে কয়লা আনতেন। এটি বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।