বগুড়ার দুপচাঁচিয়ায় গত বৃহস্পতিবার বই উৎসব পালন করা হলেও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুধু ধর্ম শিক্ষা বই দেওয়া হয়েছে। আর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান বই পায়নি।
এদিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা শুধু বিজ্ঞান বই পেয়েছে।
দুপচাঁচিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত-আটজন প্রধান শিক্ষক জানান, তাঁদের পঞ্চম শ্রেণির ধর্ম শিক্ষা বই ছাড়া কোনো বই দেওয়া হয়নি। পঞ্চম শ্রেণির বইয়ের জন্য তাঁরা কয়েকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করলেও ওই শ্রেণির বই আসেনি বলে শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। তাঁরা আরও জানান, তৃতীয় শ্রেণির গণিত ও বিজ্ঞান বইও পাওয়া যায়নি।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, জেলার তিনটি উপজেলায় পঞ্চম শ্রেণির বই নিয়ে সমস্যা হয়েছে। প্রেসের কারণে এ সমস্যা হয়েছে। খুব শিগগিরই বই পাঠানো হবে।
আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মৃণাল কান্তি সরকার বলেন, হরতালের কারণে তৃতীয় ও পঞ্চম শ্রেণির বই পৌঁছায়নি। বই উৎসবের জন্য পাশের নওগাঁ জেলা সদরের বাফার স্টক থেকে জরুরি ভিত্তিতে ওই দুটি শ্রেণির জন্য বিজ্ঞান বই আনা হয়। শিগগিরই অন্য বিষয়ের বইগুলো পৌঁছে যাবে।
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, এই উপজেলায় প্রাথমিকের দুটি শ্রেণির নতুন বই সরবরাহ পাওয়া যায়নি।