দুটি সংবাদমাধ্যমকে ২৪ ঘন্টা সময়
চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যমুনা গ্রুপের একটি দৈনিক পত্রিকা ও একটি টিভি চ্যানেলকে ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। বিএমএ বলেছে, চিকিৎসক নূনযীরুল মুহসেনীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য ক্ষমা না চাইলে তারা সংবাদমাধ্যম দুটির বিরুদ্ধে কর্মসূচি দেবে।
গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি তোলা হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত শতাধিক চিকিৎসক মানববন্ধনে অংশ নেন। এ সময় চিকিৎসকেরা বলেন, ২৮ জুলাই সাংসদ সালমা ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নূনযীরুল মুহসেনীন তাঁর সঙ্গে ‘রূঢ়’ আচরণ করেন বলে তিনি অভিযোগ করেন। এরপর থেকে ওই দৈনিক ও টিভি চ্যানেলটি চিকিৎসক নূনযীরুলের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। এতে চিকিৎসকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
বিএমএ মহাসচিব ইকবাল আর্সলান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চাইতে হবে। নইলে মানহানির মামলা করা হবে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, সেদিন জরুরি বিভাগে রোগীর ভিড় ছিল প্রচুর। এর মধ্যেই সালমা ইসলাম জরুরি বিভাগে ৮-১০ জন লোক নিয়ে কর্তব্যরত চিকিৎসকের কক্ষে ঢুকে তাঁর চেয়ারে বসে পড়েন। চিকিৎসক সাংসদকে অন্যত্র বসার জন্য অনুরোধ জানান। এতে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়।
সালমা ইসলামের মুখপাত্র মো. আলমগীর আলম জানান, সাধারণ রোগীর প্রতি একজন কর্তব্যরত ডাক্তারের অবহেলা দেখে সাংসদ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন। কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু ওই ডাক্তার বিএমএ নেতাদের ভুল বুঝিয়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেন। বিএমএ বা দেশের ডাক্তারদের প্রতি সালমা ইসলামের যথাযথ শ্রদ্ধা আছে।