দুটি সরকারি কলেজে ভর্তি হতে না পারায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের দুটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ছাত্রলীগ নামধারী কর্মীদের বাধার কারণে এ দুটি কলেজে ভর্তি-প্রক্রিয়া সাময়িক বন্ধ হওয়ার পর ভর্তি হতে না পারা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের এই উদ্বেগ।
কারমাইকেল কলেজ ও রংপুর সরকারি কলেজ থেকে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে এই দুই সরকারি কলেজে দুই হাজার ১০০ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সেখানে দুটি কলেজে আবেদন জমা পড়েছে ১২ হাজার।
রংপুর সরকারি কলেজে এক হাজার ২০০ শিক্ষার্থীর ভর্তির বিপরীতে আবেদন জমা পড়েছে ছয় হাজার ৮০০। সেখানে গত ৩০ জুন পর্যন্ত ভর্তি হয়েছে ৬৪১ জন। নামধারী ছাত্রলীগ কর্মীদের বাধার কারণে ভর্তি-প্রক্রিয়া গত ১ জুলাই সাময়িক বন্ধ ছিল। আবার চালু করা হলেও গতকাল সোমবার বন্ধ থাকে।
অধ্যক্ষ সুবাস চন্দ্র বর্মণ বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল ছেলের কারণে ভর্তি-প্রক্রিয়া ওই দিন (১ জুলাই) কিছুক্ষণ বন্ধ থাকলেও পুলিশের উপস্থিতিতে পরবর্তী সময়ে ভর্তি-প্রক্রিয়া স্বাভাবিক হয়। এখন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ভর্তি বন্ধ রয়েছে।
কারমাইকেল কলেজ থেকে জানা যায়, গত ৩০ জুন শহরের বেতপট্টিতে অবস্থিত জনতা ব্যাংক করপোরেট শাখায় কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ছাত্রলীগ নামধারীদের বাধার কারণে বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় ব্যাংকে ভর্তি-প্রক্রিয়া বন্ধ রেখে তা আগামী ১২, ১৩ ও ১৫ জুলাই কলেজেই নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভর্তি কমিটির আহ্বায়ক আবদুল হাই বলেন, ব্যাংকে বাধা দেওয়ায় এই ভর্তি এখন কলেজের একাডেমিক ভবনে নেওয়া হবে। ৯০০ আসনে এ পর্যন্ত ভর্তি হয়েছে ৬৪২ জন। আর আবেদন পড়েছে পাঁচ হাজারের অধিক।
অভিভাবক ও ভতি-ইচ্ছুক শিক্ষার্থীদের অভিযোগ, একাদশ শ্রেণিতে নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করাতে ছাত্রলীগ ভর্তি-প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে। এ কারণে শিক্ষার্থীরা সরকারি এ দুটি কলেজে এখনো ভর্তি হতে পারেনি। এ জন্য তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক রংপুর শহরের কলেজ রোডের করিম শেখ জানান, ১ জুলাই রংপুর সরকারি কলেজে সন্তানের ভর্তি পরীক্ষার দিন ধার্য ছিল। কিন্তু কতিপয় যুবকের বাধার মুখে ভর্তি হতে না পেরে শেষমেশ বাড়ি ফিরে যেতে হয়েছে।
রংপুর শহরের কেরানীপাড়ার এক শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার হোসেন বলেন, কারমাইকেল কলেজে ভর্তির জন্য গত ৩০ জুন সন্তানকে নিয়ে জনতা ব্যাংকের করপোরেট শাখায় টাকা জমা দিতে গেলে কিছু ছেলে বাধা দেওয়ায় ভর্তি হতে পারেনি। শেষমেশ কী যে হবে এ নিয়ে দুশ্চিন্তায় আছি। এমনি আরও অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে ভর্তি করাতে এসে ভর্তি না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন।
ছাত্রলীগ রংপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক মিথুন কুমার দাস এ ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ছাত্রলীগ নয়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বাধা দিয়েছেন ছাত্রদলের কর্মীরা।
তবে জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান বলেন, ওই কলেজে ছাত্রদলের কোনো কমিটি নেই। আর ছাত্রদল এসবের সঙ্গে জড়িত নয়। ছাত্রলীগই এই বাধা দিয়েছে।
কোতোয়ািল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ঘটনা জানার পর ওই সময় ব্যাংক ও রংপুর সরকারি কলেজে পুলিশ পাঠানো হয়।
ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল হাসান এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, যদি কেউ জড়িত থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।