দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয় দুটি হলো নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
বিদ্যালয়সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র নারায়ণ বালক উচ্চবিদ্যালয় ১৯০৫ সালে এবং অলদিনী বালিকা উচ্চবিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালে বিদ্যালয় দুটিকে জাতীয়করণ করা হয়। নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ ১৮টি হলেও বর্তমানে প্রধান শিক্ষকসহ কর্মরত আছেন মাত্র ১০ জন। ছাত্রসংখ্যা ৫০০। অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ ১৬টি হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র নয়জন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ নয়টি পদ শূন্য। বিদ্যালয়টিতে ছাত্রীসংখ্যা ৩৬০ জন। সহকারী শিক্ষক শাহ লোকমান হাকিম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসানাৎ জামান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে এই দুটি বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। এ নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় সভায় একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশেকুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষকসংকটসহ অন্যান্য সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই কথা বলেন, অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ লোকমান হাকিম।
জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা নিশ্চিত করে বলেন, শিক্ষক নিয়োগ বা বদলির ক্ষমতা তাঁর নেই। তবে সরকারি বিদ্যালয়ে পদ গেজেটেড করা হয়েছে। পিএসসি ছাড়া গেজেটেড কর্মকর্তা নিয়োগের ক্ষমতা অধিদপ্তরের নেই। নিয়োগবিধি সংশোধন না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষকসংকট বাড়ছে।