দুটি সাঁকো পেরিয়ে উঠতে হয় পাকা সেতুতে

১০০ ফুট ব্যবধানে দুটি বাঁশের সাঁকো। ওই সাঁকো দুটি পেরিয়ে মাটি থেকে প্রায় তিন হাত উঁচু গোদাখালী খালের ওপর অবস্থিত সেতুতে উঠতে হয়। মাটির তৈরি কাঁচা সংযোগ সড়ক বেহাল হয়ে পড়ায় খালের ওপর সেতু থাকলেও তা কাজে আসছে না। চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকোটা-গৈড়লা সড়কে এই সেতুর অবস্থান।
ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামসহ কয়েকটি এলাকার প্রায় ৭ হাজার মানুষ এই সেতু পার হয়ে নিয়মিত পটিয়া সদরের কাগজিপাড়া ও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের গৈড়লার টেকে যাতায়াত করেন। তেকোটা-গৈড়লা সড়ক পাকা না হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল করে না। খালের ওপর সেতু পেরিয়ে হেঁটেই চলাচল করতে হয় মানুষজনকে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, এলজিইডির অর্থায়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে তেকোটা-গৈড়লা সড়কের গোদাখালী খালের ওপর ১৯৯৭-৯৮ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল।
স্থানীয় লোকজন জানান, সে সময়ে গোদাখালী খালের ওপর সাঁকো ছিল। জনসাধারণের কষ্ট লাঘবের জন্য এলজিইডি পাকা সেতু তৈরি করে দিলেও সড়ক না থাকায় সেটি কাজে আসেনি।
সরেজমিনে দেখা গেছে, তেকোটা-গৈড়লা সড়কের দক্ষিণ দিকে পূর্ব গৈড়লা বিশ্বপাড়া পর্যন্ত ইট বিছানো রয়েছে। এরপর সেতু পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ মিটার সড়ক কাঁচা। সেতুর উত্তর দিকে খালের ভাঙনে সড়কের একাংশ বিলীন হয়ে গেছে। চলাচলের জন্য ওই স্থানে ১০০ ফুট ব্যবধানে দুটি বাঁশের সাঁকো স্থাপন করা হয়েছে।
তেকোটা গ্রামের মনিকা বড়ুয়া (৬৫) বলেন, ‘সড়কের জন্য আমরা অনেক কষ্টে আছি। আমার বিয়ের পর থেকে সড়কটির এ দুরবস্থা দেখে আসছি। সড়কটি পাকা না হওয়ায় তিন কিলোমিটার ঘুরে পাঁচুরিয়া হয়ে পটিয়া সদরে যাতায়াত করি। এতে প্রচুর সময় ব্যয় হচ্ছে।’
এ ব্যাপারে পটিয়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, তেকোটা-গৈড়লা সড়কের ১ হাজার ৮০০ মিটারের মধ্যে ১ হাজার ২০০ মিটার পাকা করার জন্য প্রকল্প প্রেরণ করা হয়েছে।