
সরকারি গুদামে মজুত কম থাকায় দুটি বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চালের বদলে গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। তবে হাওরে দুর্গত ৩ লাখ ৮৫ হাজার পরিবারকে চাল দেওয়া হবে। গতকাল রোববার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কক্ষে ও তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ (ভারনারেবল গ্রুপ ফিডিং—দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চাল) এবং জেনারেল রিলিফ (জিআর—দুর্যোগ ও আপৎকালে দেওয়া সহায়তা)—এই দুটি সামাজিক নিরাপত্তা খাতে প্রায় ২ লাখ টন চাল বরাদ্দ ছিল। কিন্তু ওই চাল বরাদ্দ দিতে গেলে সরকারি কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রেশনে চাল দেওয়া কঠিন হয়ে যাবে। তাই ওই দুই খাতের ২ লাখ টন চালের মধ্যে দেড় লাখ টন চালের বদলে গম দেওয়া হবে। বাকি ৪০ থেকে ৫০ হাজার টন চাল হাওর এলাকায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে চাল আসতে কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে আমরা চালের বদলে গম দিয়ে চালাব। জুলাইয়ে ভিয়েতনাম ও আন্তর্জাতিক দরপত্রের চাল আশা করি গুদামে চলে আসবে। তখন কোনো সমস্যা থাকবে না।’
খাদ্য মন্ত্রণালয়ের সূত্র বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১ কোটি দরিদ্র পরিবারকে বিনা মূল্যে ১ লাখ টন চাল দেওয়ার জন্য বরাদ্দ ছিল। যেকোনো দুর্যোগ ও আপদের সময় বণ্টনের জন্য আরও ৯০ হাজার টন জিআর চাল গুদামে রাখা ছিল। এই চালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়ের থাকলেও তা বণ্টনের দায়িত্ব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের। এর আগে কখনোই ঈদ ও দুর্যোগকালে চালের বদলে গম দেওয়ার ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (ত্রাণ) মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সচিব দুজনই বিদেশে আছেন। তাঁরা দেশে ফিরলে ও খাদ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে লিখিত প্রস্তাব এলে তা পর্যালোচনা করে তাঁরা সিদ্ধান্ত নেবেন।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ঈদ ও দুর্যোগের সময় মানুষকে গম দিলে তা নিয়ে মাঠপর্যায়ে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। ফলে চালের বদলে গম দেওয়া কঠিন হয়ে যাবে।