স্থানীয় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিটিতে অন্তর্ভুক্ত হতে না পেরে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের দুটি সেচখালের মেরামত হতে দেননি আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মেরামত বাবদ বরাদ্দ হওয়া টাকা ফেরত চলে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেড়া এবং সাঁথিয়া উপজেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে কয়েক বছর ধরে সেচ দেওয়া হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়া ও পাবনা কার্যালয় প্রকল্পের তদারকিতে রয়েছে। সুষ্ঠুভাবে পানি সরবরাহের লক্ষ্যে পুরো প্রকল্প এলাকাকে ৫০টি ক্ষুদ্র এলাকায় ভাগ করে গঠন করা হয়েছে ৫০টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। সেচ প্রকল্পের সেচসুবিধা ভোগকারী কৃষকেরা এসব সমিতির সদস্য ও তাঁদের নিয়েই গঠিত হয় সমিতিগুলোর কমিটি। বাংলাদেশ সমবায় আইনে সমিতিগুলো পরিচালিত হয়ে থাকে।বেড়া পাউবো কার্যালয়ের একটি সূত্র থেকে জানা যায়, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিটিতে অন্তর্ভুক্ত হতে স্থানীয় প্রভাবশালীদের আগে তেমন আগ্রহ ছিল না। কিন্তু চলতি বছরে সেচ প্রকল্পের খালগুলোর ক্ষুদ্র মেরামতের কাজ সমিতির মাধ্যমে করানোর সিদ্ধান্ত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়; কমিটিতে অন্তর্ভুক্ত হতে অনেকে আগ্রহী হয়ে ওঠেন। ৫০টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে খালগুলোর ক্ষুদ্র মেরামতের জন্য ৩২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে প্রতিটি সমিতি সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ পায়। বরাদ্দ পেয়ে ৪৮টি সমিতি ইতিমধ্যে মেরামতের কাজ শেষ করলেও বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা ও চাকলা-দমদমা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কাজ শুরুই করতে পারেনি। সমিতি দুটির নির্বাহী সদস্যরা জানান, চাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুরের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী পাউবো কার্যালয়ে গিয়ে সমিতির পরিবর্তে তাঁদের মাধ্যমে কাজ করানোর দাবি জানান। পাউবো সমিতি ছাড়া কাজ করানোর বিধান নেই জানালে তাঁরা সমিতি দুটির কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানান। একপর্যায়ে তাঁরা নিজেদের মধ্য থেকে কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত দেখিয়ে ভুয়া প্রস্তাবনা জমা দেন। কিন্তু বিধিবহির্ভূত হওয়ায় পাউবো কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। এতে ওই নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে খালের মেরামতের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। তাঁরা সমিতি দুটির নির্বাহী সদস্যদের পাউবো কার্যালয়ে লাঞ্ছিত করেন। তাঁদের মারমুখী আচরণ ও হুমকির কারণে পাউবো সমিতি দুটিকে সেচখাল মেরামতের কার্যাদেশ দিতে পারেননি।চাকলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবদুল হান্নান বলেন, ‘আমাদের নিবন্ধনকৃত সমিতি। নিয়ম মোতাবেক সমিতির সদস্যদের মাধ্যমেই সেচখালের ক্ষুদ্র মেরামতের কাজ হওয়ার কথা। অথচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বাধায় আমরা কাজ করতে পারিনি।’ চাকলা-দমদমা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আহম্মদ উল্লাহও একই অভিযোগ করে বলেন, ‘এতদিন আগ্রহ না থাকলেও সেচখাল মেরামতের জন্য টাকা বরাদ্দের খবরে তাঁরা সমিতির সদস্য হতে আগ্রহী হয়ে উঠেছেন।’ চাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর বলেন, ‘সাধারণ কৃষকদের বাদ দিয়ে কিছু স্বার্থান্বেষী লোক গোপনে কমিটি গঠন করেছিল। নামমাত্র কাজ দেখিয়ে তারা সেচখাল মেরামতের জন্য বরাদ্দ করা টাকা আত্মসাতের পাঁয়তারা করছিল বলে স্থানীয় কৃষকেরা তাদের বাধা দিয়েছেন। এর সঙ্গে আমার বা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।’পানি উন্নয়ন বোর্ড বেড়া শাখার উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, এলাকার কিছু লোক মেরামতে বাধা দিয়ে তাদের কাছে সমবায় সমিতির পাল্টা আরেকটি কমিটি দাখিল করে। বিষয়টি বিধিসম্মত না হওয়ায় এ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত খাল মেরামতের কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় সেচখাল দুটির জন্য বরাদ্দ হওয়া দেড় লাখ টাকা ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি।