দুটি সেতুতে হাজারো জোড়াতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে দুটি বেইলি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই সেতুগুলো হচ্ছে বাউসি ও গোমাই সেতু। সেতু দুটির ছেঁড়া-ফাটা অংশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ একের পর এক জোড়াতালি লাগিয়ে যানবাহন ও জন চলাচল সচল রাখছে। বাউসি সেতুর লোহার পাটাতনে অন্তত ৬৪২টি ও গোমাই সেতুতে ৩৬১টি জোড়াতালি রয়েছে।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, বাউসি সেতুর ওপর লাগানো বিভিন্ন স্থানে পাটাতন সরে ফাঁক হয়ে গেছে। যানবাহন ওই ফাঁকা অংশ এড়িয়ে চলার চেষ্টা করছে। পাটাতনের বাকি অংশেও একই অবস্থা। গুনে দেখা গেছে, পুরো সেতুতে ৬৪২টি জোড়াতালি রয়েছে। আর গোমাই সেতুতে ৩৬১টি জোড়াতালি আছে।
সওজ সূত্রে জানা গেছে, নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা ২১ কিলোমিটার সড়কে নয়টি বেইলি সেতু রয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করায় আশির দশকে নির্মিত এই সেতুগুলো বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর মধ্যে বাউসি কংস নদের ওপর নির্মিত বাউসি সেতু, গোমাই নদের ওপর নির্মিত গোমাই সেতুটি বেশি ঝুঁকির মধ্যে আছে।
স্থানীয় লোকজন জানান, সেতুর ওপর ভারী যানবাহন উঠলে তা কাঁপতে শুরু করে। গাড়ি চালানোর সময় চালকসহ যাত্রীরা সব সময় ভয়ে থাকেন। সেতুগুলো সরু হওয়ায় এটি দিয়ে একসঙ্গে একাধিক বড় যান এমনিতেও চলতে পারে না। একটি ট্রাক বা বাস সেতু দিয়ে যাওয়ার সময় অপর পাশের যানচালকেরা গাড়ি থামিয়ে অপেক্ষা করেন কখন ওই বাস বা ট্রাকটি নামবে। প্রায় এক যুগ ধরে এভাবেই এই সেতুগুলো দিয়ে যান চলাচল করছে।
সেতু দিয়ে চলাচলকারী বাসচালক সোহাগ মিয়া (৩৫) বলেন, এই রাস্তা দিয়ে তাঁকে প্রতিদিন কলমাকান্দা উপজেলায় যাতায়াত করতে হয়। বাস নিয়ে সেতুর ওপর উঠলেই তা কেঁপে ওঠে। ট্রাকচালক অলি উল্লাহ (৩৫) বলেন, গাড়ির লোড বেশি হলে খুব আতঙ্কের মধ্য দিয়ে এই সেতুগুলো পার হতে হয়। যেকোনো সময় এগুলো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
কলমাকান্দা উপজেলার ঘনিচা গ্রামের বাসিন্দা ফরিদুজ্জামান তালুকদার মোটরসাইকেল নিয়ে নেত্রকোনা শহর থেকে বাড়ি ফিরছিলেন। সেতুটি পার হয়ে মোটরসাইকেল থামিয়ে প্রথম আলোকে বলেন, সেতুটির অনেক পাটাতনের সংযোগস্থল ক্ষয় হয়ে ধারালো ও পিচ্ছিল হয়ে গেছে। ধারালো অংশে লেগে যানবাহনের চাকা অনেক সময় ফেটে যায় এবং পিচ্ছিল অংশে লেগে দুর্ঘটনায় পড়তে হয়। তাই আস্তে আস্তে সাবধানে পার হতে হয়।
বাউসি সেতুর পাশের গ্রাম চরপাড়া। এই গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক মালবোঝাই ট্রাক, বাস, লরিসহ বিভিন্ন ধরনের ভারী ও হালকা যানবাহন চলাচল করে। এসব মাল বহনকারী ভারী যান চলাচলে প্রায়ই সেতুটির পাটাতন ভেঙে যায়। সওজ কর্তৃপক্ষ তখন সেই ভাঙা অংশে দায়সারাভাবে কয়েকটি জোড়াতালি লাগিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করে দেয়। এভাবে সেতুর গায়ে জোড়াতালি বেড়ে বর্তমানে ছয় শতাধিক হয়ে গেছে।
নেত্রকোনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান প্রথম আলোকে বলেন, এই বেইলি সেতু দুটির ওপর সাত টনের বেশি মাল নিয়ে যান চলাচল না করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু কেউই শুনছে না। ফলে মাঝেমধ্যে পাটাতন ভেঙে যায়। তখন মেরামত করে দেওয়া হয়। তিনি আরও বলেন, বেইলির পরিবর্তনে পাকা সেতুর পরিকল্পনা করে আগামী এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।