দুটি সেলুনে আগুন দগ্ধ আটজন
ঈদের আগের দিন গত সোমবার রাজধানীর রায়েরবাজার ও বাড্ডায় পৃথক ঘটনায় দুটি সেলুনে আগুন লেগে মালিক, কর্মচারীসহ আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের নূপুর হেয়ার স্টাইল নামের এক সেলুনের মালিক নূপুর মজুমদার, কর্মচারী গৌতম মজুমদার, খদ্দের তানিম ও জসিম উদ্দিন; বাড্ডার জয় হেয়ার ড্রেসারের কর্মচারী সুমন, মিঠুন শীল, রুবেল ও অজিত গোস্বামী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাজারের সাদেক খান রোডের নূপুর হেয়ার স্টাইল সেলুনে হঠাৎ বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে যায়। এতে দোকানের ভেতরে থাকা চারজন দগ্ধ হন। তাঁদের মধ্যে নূপুর ও গৌতমের শরীরের প্রায় ৬০ ভাগ এবং তানিম ও জসিমের শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে।
একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে বাড্ডার নতুন বাজারে জয় হেয়ার ড্রেসারেও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। এতে চারজন দগ্ধ হন। তাঁদের মধ্যে মিঠুনের শরীরের ৪০ ভাগ ও রুবেলের ৩২ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানান। আহত কর্মচারীরা জানান, ঈদের আগে চুল কাটা ও শেভ করাসহ নানা রকম সেবা নিতে গ্রাহকেরা সেলুনে ভিড় জমান। বাড়তি চাপ সামাল দিতে তাঁরা সারা রাতই দোকান খোলা রাখেন।