আবাসিক এলাকায় চতুর্থ দিনের উচ্ছেদ অভিযানে ধানমন্ডি ও গুলশানে ২টি স্কুলসহ ১২টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করতে গতকাল বুধবার ওই দুটি এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানগুলোর গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বেলা ১১টায় অভিযানের শুরুতে ধানমন্ডির ৬/এ সড়কের ৫৪ নম্বর প্লটে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, তিনতলা একটি ভবনে সানিডেইল নামের একটি বিদ্যালয়ের নতুন শাখা খোলার প্রক্রিয়া চলছে। ওই প্রক্রিয়া বন্ধ করতে ভবনমালিককে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন। একই সঙ্গে ওই প্লটেই আরেকটি তিনতলা ভবনে আর্থ হাউস নামের অন্য একটি বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছিলেন ভবনমালিক সাব্বির আহমেদ। আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যালয়টি অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ভবন দুটির গ্যাস ও বিদ্যুতের সংযোগ।
ভবনমালিক সাব্বির আহমেদ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ সানিডেইল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে আমরাও সুবিধাজনক জায়গায় আমাদের প্রতিষ্ঠানটি সরিয়ে নেব।’
একইভাবে ৭/এ সড়কের ৭৪ নম্বর প্লটের বহুতল ভবনে সাউথ ব্রিজ স্কুল নামের আরেকটি বিদ্যালয়ের নতুন একটি শাখা খোলার প্রক্রিয়া চলছিল। ভ্রাম্যমাণ আদালত সেই প্রক্রিয়াও বন্ধ করে দেন। একই সড়কের ৫৯/৩ নম্বর প্লট ও ৬/এ সড়কের ৪৬ নম্বর প্লটে গড়ে ওঠা তিনটি অনুমোদনহীন দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
তবে ৭/এ সড়কের ৮০ নম্বর প্লটের সামনের অংশে গড়ে ওঠা লে ফেরারি নামের একটি জুতার দোকান উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। ওই প্লটের মালিক রিলায়েন্স ট্যানারির কর্ণধার শাজাহান মিয়া। বাড়ির সামনের অংশে গড়ে তোলা তিনতলা দোকানটির সাইনবোর্ডটি ছিল চট দিয়ে ঢাকা। প্রথমে বারবার ডেকেও কাউকে না পেয়ে দোকানটি ভাঙার সময় শাজাহান মিয়ার মেয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন।