দুটি স্থানে অগ্নিকাণ্ড ৮৫টি ঘর ছাই
পঞ্চগড় সদর উপজেলার নুনিয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ১৬টি পরিবারের অর্ধশত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
একই রাতে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৩০টি ছাগল ও তিন শতাধিক হাঁস-মুরগি।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটায় চাকলাহাট ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের অক্ষয় কুমারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। পাশের ঘরে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংকের বিস্ফোরণে মুহূর্তেই আগুন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এবং পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু দাউদ প্রধান জানান, নুনিয়াপাড়া গ্রামের জীতেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথসহ ১৬টি পরিবারের প্রায় ৫০টি বসতঘর এবং একটি মন্দির পুড়ে গেছে। এ ছাড়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার, একটি নতুন মোটরসাইকেল, তৈজসপত্র, খাদ্যশস্যসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আবদুল মালেক দ্বিমত পোষণ করে বলেন, অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় অর্ধশত ঘর পুড়ে গিয়ে এক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মন্তাজেরী নুনিয়াপাড়া গ্রামটি পরির্দশন করেন। তিনি সরকারি তহবিল থেকে প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকা, ৩০ কেজি করে চাল, দুটি করে কম্বল ও শার্ট দিয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ত্রাণ ভান্ডারে কিছু ঢেউটিন আছে। তবে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিতরণ করা যাচ্ছে না। একাধিকবার অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে বরাদ্দ দেওয়া হবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভোগডাবুড়ি গ্রামের মমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁর বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে ১৩টি পরিবারের ৩৫টি ঘর এবং ঘরে রক্ষিত ধান, চাল, আলু, পেঁয়াজ, রসুন ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের জানান, পরিবারগুলোর সবকিছু পুড়েছে। তাদের দেওয়া তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।