দুটি স্থানে আগুনে ২২ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহর ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। গোপালগঞ্জ: গত বুধবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ শহরের পাবলিক হল সড়কের নাদিয়া সুপার মার্কেটের রাজীব পেপার হাউস নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ওই প্রতিষ্ঠানসহ পার্শ্ববর্তী শতাব্দী কম্পিউটার নামের অপর একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসী চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা দাবি করেন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার মো. মিরন মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।কলাপাড়া (পটুয়াখালী): প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পূর্ব পাশের একটি খাবারের হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী আমতলী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাজারের ২০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহাঙ্গীর হোসেন ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক খান ঘটনাস্থল পরিদর্শন করেন।