দুটি স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, নিখোঁজ ২
মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে গত বৃহস্পতিবার রাতে দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে বোট দুটি ডুবে একজন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন ও নিখোঁজ রয়েছেন দুজন।
নিহত যাত্রীর নাম মাকসুদা বেগম (৪৮)। তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পৌর এলাকার বাসিন্দা। নিখোঁজ দুজন হলেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহে আলম (৪৫) ও ডামুড্যা উপজেলার মালগাঁও গ্রামের ইকবাল ব্যাপারী (২২)। আহত হওয়া ১০ জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ডামুড্যা উপজেলার আব্দুর রশিদ, ফুলজান বেগম, গিয়াস উদ্দিন, আল আমিন ও দিদারুল আলম। তাঁদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে শিবচরের চরপাশা এলাকায় মাওয়া-জাজিরা নৌপথের দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোট দুটি ২৫ জন যাত্রীসহ ডুবে যায়। তাঁদের মধ্যে ২২ জন সাতরে তীরে উঠে আসেন। আহত ১০ জনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকি তিনজন নিখোঁজ ছিলেন। রাতেই পুলিশ পদ্মা থেকে মাকসুদা বেগমের লাশ উদ্ধার করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানান, রাতেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ডুবুরিরা নিখোঁজ অপর দুই ব্যক্তির সন্ধান চালাচ্ছেন। রাতে ওই এলাকায় স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।