দুটি স্বর্ণের দোকান ও কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুটি স্বর্ণের দোকানে ও আড়াইহাজার উপজেলার এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে গত বুধবার দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ওই দুই দোকান ও বাড়ি থেকে নগদ টাকাসহ ৩৭ লাখ টাকার মালামাল লুট করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ি হাবিব নগর মার্কেটে ২০-২৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে মার্কেটের নিরাপত্তা প্রহরী আবদুল হাকিম ও নজরুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতেরা লোকনাথ জুয়েলার্স ও প্রতীক জুয়েলারি দোকানের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা নগদ টাকাসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। লোকনাথ জুয়েলার্সের মালিক দুলাল জানান, ডাকাতেরা তাঁর দোকান থেকে ৪২ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ ৬৫ হাজার টাকা লুট করেছে। প্রতীক জুয়েলার্সের মালিক জীবন চন্দ্র দাস জানান, তাঁর দোকান থেকেও ডাকাতেরা ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার বলেন, এ ব্যাপারে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে গত বুধবার আড়াইহাজার উপজেলার সদাসদী ইউনিয়নের রামচন্দ্রদী গ্রামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ব্যবসায়ী সাদাত আলী জানান, ওই দিন রাতে তাঁর বাড়িতে ১০-১৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। তারা ঘরের আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।