দুটি সড়ক অবরোধ দুর্ভোগে ট্রেনযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে টাকা চুরি ও চোর ধরতে বাধা দেওয়ার ঘটনায় ট্রাক শ্রমিকেরা সান্তাহার-নওগাঁ এবং সান্তাহার-বগুড়া সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ট্রেনযাত্রীসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে সান্তাহার শহরের মালগুদাম এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসের তালা ভেঙে আড়াই লাখ টাকা চুরি হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা টাকা চুরির সঙ্গে জড়িত আকাশ (১৪) নামের একজনকে আটক করে ও একপর্যায়ে তার কাছ থেকে চুরি হওয়া আড়াই লাখ টাকা উদ্ধার করে। পরে তার তথ্য অনুযায়ী আরও তিনজনকে ধরতে পুলিশ শহরের বসুন্ধরা বস্তিতে যায়।পুলিশ সেখানে জুমঞ্চুন নামের একজনকে আটক করতে চাইলে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাসুম হোসেন বাধা দেন। একপর্যায়ে সান্তাহার টাউন পুলিশের হাবিলদার রায়হান আলমের সঙ্গে কাউন্সিলর মাসুমের বাগিবতণ্ডা শুরু হয়। এ সংবাদ ট্রাক শ্রমিক কার্যালয়ে পৌঁছালে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বেলা ১১টা থেকে শহরের প্রধান দুটি রাস্তায় এলোপাতাড়িভাবে ট্রাক ফেলে রেখে অবরোধ করে রাখে।কাউন্সিলর মাসুম হোসেন বলেন, আটককৃত আকাশ স্বীকার করেছে, তাকে অন্যদের নাম বলার জন্য শ্রমিকেরা শিখিয়ে দিয়েছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম বলেন, একজন চোরকে ধরতে বাধা দিয়ে কাউন্সিলর মাসুম বেআইনি কাজ করেছেন।সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির হাবিলদার রায়হান আলম জানান, পুলিশ অপ্রীতিকর ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে অবরোধ সরিয়ে দিয়েছে।