দুটি হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গতকাল সোমবার একটি হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
এদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রী হত্যা মামলায় ওমর ফারুক (২৬) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে জরিমানা ও অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আনোয়ার হোসেন (৩২)। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনোয়ার হোসেন (২৫), স্বপন (২২) ও মিঠু (২৫)। এ ছাড়া আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই তিন আসামির জরিমানার টাকা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামিরা সবাই জয়পুরহাট পৌর এলাকার পাটারপাড়া মহল্লার বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর এলাকার তসলিম উদ্দীনের ছেলে জিয়াউল হাসানকে (৩২) ২০১৩ সালে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহত জিয়াউলের স্ত্রী মেরিনা আকতার ওই চারজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
আদালত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। আসামি ইচ্ছা করলে সাত দিনের মধ্যে আপিল করতে পারবেন।
এদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রী হত্যা মামলায় স্বামী ওমর ফারুককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বেলকুচি উপজেলার ধুলদিয়া গ্রামের বাসিন্দা। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে এনায়েতপুর থানার খুকনী যোগীবাড়ির ফজর আলীর মেয়ে মুক্তা খাতুনকে বিয়ে করেন ওমর ফারুক। বিয়ের পর ১ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন শুরু করেন তিনি। এরই জের ধরে ওই বছরের ১ নভেম্বর মুক্তাকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মুক্তার বাবা ফজর আলী বাদী হয়ে জামাই ওমর ফারুকসহ ১০ জনের বিরুদ্ধে বেলকুচি থানায় হত্যা মামলা করেন।