দুটি হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক অটোচালককে হত্যার দায়ে গতকাল সোমবার তিন ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিন বাগেরহাটে এক কলেজছাত্রকে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুরে দণ্ডাদেশপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামের ওসমান চোকদার ও হাসান চোকদার এবং রামকান্দি গ্রামের মামুন মাতুব্বর। ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মো. জাহিদুল ইসলাম গতকাল বিকেলে ওই রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; অনাদায়ে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম জেল খাটতে হবে। গতকাল রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
ফরিদপুরের জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান বলেন, নিহত অটোচালক রিপন শেখের (৩৫) বাড়ি ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া গ্রামে। ২০১১ সালের ১ মার্চ রাতে তাঁর গাড়ি ভাড়ার কথা বলে ওই তিন ব্যক্তি নিয়ে যান। ১৭ মার্চ পাশের মাদারীপুরের শিবচর উপজেলা থেকে রিপনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ মার্চ রিপনের স্ত্রী সালমা বেগম ওই তিনজনকে আসামি করে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেন।
বাগেরহাটে দণ্ডাদেশপ্রাপ্ত দুই যুবক হলেন সদর উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামের হুমায়ুন গাজী লিটন (২৪) ও সরদার তরিকুল ইসলাম (২২)। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জাকারিয়া হোসেন গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ওই দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নিহত আল-আমিন শেখ ওরফে বাপ্পা (১৮) সদর উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামের মৃত বেলাল শেখের ছেলে। তিনি স্থানীয় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আসামিরা তাঁর পূর্বপরিচিত। ২০১৪ সালের ৬ মার্চ রাতে মুঠোফোনে ফোন এলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আল-আমিন। এ ঘটনায় তাঁর মা ইয়াছমিন বেগম পরদিন বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।