দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি হল ও এর পাশের জঙ্গল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ গত মঙ্গল ও বুধবার তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-১ ও ডরমেটরি-২ হল এবং পাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে সাতটি সামুরাই, আটটি ভজালী, ৬১টি রড, চারটি হকিস্টিক, তিনটি ছোরা, ছয়টি হাঁসুয়া, একটি চায়নিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বাঁশের লাঠি উদ্ধার করা হয়।ডরমেটরি-১-এর হল সুপার বিকাশ চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার রাতে এ হলের বৈদ্যুতিক মিস্ত্রি মো. শাহীন বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের চতুর্থ তলার কয়েকটি কক্ষের কার্নিশে দেশীয় ধারালো অস্ত্রগুলো দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে হল কর্তৃপক্ষ কর্মচারীদের নিয়ে নিজেরা উদ্যোগী হয়ে মঙ্গলবার রাতেই অস্ত্র উদ্ধারে নামে। কিন্তু যত্রতত্র অস্ত্রের অবস্থান ও পরিমাণ দেখে তারা পুলিশে খবর দেয়। পরদিন সকালে পুলিশ এসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।গত ২৯ জুন রাতে পুলিশ ও ছাত্রদের মধ্যে এক সংঘর্ষের ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।