কয়েক মাস ধরে বন্ধ হয়ে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নির্মাণকাজ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম কোণে পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল নামের হল দুটি নির্মাণ করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হল দুটির একতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। নির্মাণকাজ বন্ধ থাকার কারণে এরই মধ্যে পিলারে ব্যবহৃত রডে জং ধরেছে। বাইরে পড়ে থাকা অন্যান্য উপকরণও নষ্ট হয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা সূত্র জানায়, ৬২৫ ও ৫০০ আসনবিশিষ্ট হল দুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। ঢাকার মেসার্স মাহবুব ইনফারটেক জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান হল দুটির নির্মাণকাজ করছে। পাঁচতলাবিশিষ্ট হল দুটির নির্মাণকাজ দুই বছরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ইতিমধ্যে নির্মাণকাজের নির্ধারিত সময় পার হয়ে গেছে। গত ২০ জুন নির্মাণকাজ শেষ করার সময় ছয় মাস বাড়ানো হয়। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। তবে সাত-আট মাস ধরে হল দুটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক এ এইচ এম নিজাম উদ্দিন দুটি হলের নির্মাণকাজ সাত-আট মাস ধরে বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁরা বারবার বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন। বেশ কয়েকবার চিঠিও দেওয়া হয়েছে। এরই মধ্যে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় নতুন করে সময়ও বাড়ানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে শিগগিরই কাজ শুরু হবে। কিছুদিন আগে নতুন করে বেশ কিছু রডও আনা হয়েছে, কিন্তু কাজ শুরু হচ্ছে না।
এক প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন বলেন, এ পর্যন্ত দুটি আবাসিক হলের প্রায় ২৫-৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। যেটুকু কাজ হয়েছে, তার বিলও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, আরও কয়েকটি কাজের ঝামেলার কারণে বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের কাজটি ঝুলে যায়। শিগগিরই আবার কাজ শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা আবাসন-সংকটে ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিটি কক্ষে তিন-চারজন করে শিক্ষার্থী থাকার কথা থাকলেও থাকছেন চার-পাঁচজন করে। কোনোটিতে ছয়জন শিক্ষার্থীও থাকছেন। গাদাগাদি করে থাকার কারণে ঠিকমতো পড়ালেখা করা যায় না।
রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, দুটি হলের নির্মাণকাজ শেষ হলে শিক্ষার্থীদের আবাসন সমস্যার কিছুটা সমাধান হবে।