দুটি হাত কেটে ফেলতে হয়েছে সিয়ামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়াম খান
সিয়াম খান

সিয়াম খান শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী গ্রামের দরিদ্র জাহাজশ্রমিক ফারুক খানের ছেলে ও নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ইতিমধ্যে তার দুটি হাত কেটে ফেলতে হয়েছে। অস্ত্রোপচার করাতে হবে মেরুদণ্ডেও।
গ্রামবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে ছেলেটির আজ এই দশা। এর দায়ভার এখন কে নেবে? হতদরিদ্র সিয়ামের পাশে কে দাঁড়াবে, কে দায়িত্ব নেবে তার?
সিয়াম খান (১৭) পড়াশোনার পাশাপাশি টিউশনি করত। স্বজন ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল বিকেলের ঝড়ে গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সন্ধ্যায় বিঝারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মজিবুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়কে ফোনে বিষয়টি জানান। পরদিন সকালে ওই সঞ্চালন লাইন মেরামত করা হবে বলে মজিবুরকে জানানো হয়। কিন্তু সঞ্চালন লাইন মেরামত না করেই পরদিন দুপুরে লাইনটি চালু করে পল্লী বিদ্যুৎ সমিতি। ওই সময় সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায় সিয়াম। বিকট শব্দ হয়। লোকজন দৌড়ে আসে। সিয়ামকে নেওয়া হয় শরীয়তপুর সদর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। এরপর সংক্রমণ দেখা দেওয়ায় ১২ এপ্রিল তার বাঁ হাত কবজির ওপর থেকে কেটে ফেলা হয়। একই কারণে ১৬ এপ্রিল তার ডান হাতেরও কবজির ওপর থেকে কেটে ফেলতে হয়। তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় সেখানেও অস্ত্রোপচার করাতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসা কর্মকর্তা মোরশেদ আলম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সিয়ামের অবস্থা আশঙ্কাজনক।
মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি ওই ঘটনার দায়ভার এড়াতে পারে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আর ছেলেটির চিকিৎসার দায়িত্ব পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নেওয়া উচিত।
সিয়ামের বাবা ফারুক খান বলেন, ‘ছেলে আমার নিজের পড়ালেখার খরচ টিউশনি করে জোগাড় করত। আমার ওপর নির্ভর করত না। এখন তো মরতে বসেছে। কোনোমতে বেঁচে থাকলেও সারা জীবন অন্যের করুণার পাত্র হতে হবে। এর চেয়ে নির্মম আর কী হতে পারে। আমি গরিব মানুষ। শ্রমখেটে সংসার চালাই। ধারদেনা করে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার টাকা খরচ করেছি। আর পারছি না।’
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, বিঝারী গ্রামে সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে—এমন কোনো অভিযোগ খাতায় নিবন্ধন করা হয়নি। কেউ অভিযোগ করে থাকলে কেন নিবন্ধন করা হয়নি, তা খতিয়ে দেখা হবে। তদন্তে কারও গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘এমন দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ছেলেটির পাশে দাঁড়াব। যাঁদের অবহেলায় ওই ছাত্রের এমন পরিণতি হয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’