দুটি হাসপাতাল বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছ থেকে অনুমোদনপত্র (লাইসেন্স) না নিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুটি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে আদালত এ অভিযান পরিচালনা করেন।
বন্ধ করে দেওয়া হাসপাতালগুলো হচ্ছে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার সোনারগাঁ নিউ মডার্ন হাসপাতাল ও এস আলম হাসপাতাল।
আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের ভাষ্যমতে, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নিরাময় ক্লিনিক, সোনারগাঁ নিউ মডার্ন হাসপাতাল ও এস আলম হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া চিকিৎসকদের দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিল। এসব ক্লিনিক ও হাসপাতালের মালিকের হাসপাতাল পরিচালনার অনুমোদনপত্রও ছিল না। জেলা সিভিল সার্জনের মাধ্যমে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বিষয়টি জানতে পেরে এগুলো বন্ধ করার নির্দেশ দেন।
নির্বাহী হাকিম মেহেদী হাসান আরও জানান, দুজন গুরুতর অসুস্থ রোগী ভর্তি থাকায় নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁদের নিজের উদ্যোগে ক্লিনিক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে প্রতিদিন দুই লাখ টাকা করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া সোনারগাঁ নিউ মডার্ন হাসপাতাল ও এস আলম হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে এই দুই হাসপাতালের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবব্রত দাস জানান, এ তিনটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লাইসেন্স না নিয়ে রোগীদের ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে।