দুটি হাসপাতালে ৬ লাখ টাকা জরিমানা
বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুরে দুটি বেসরকারি হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
র্যা ব সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিনের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরে সেবিকা ব্লাড ব্যাংক ডায়াগনস্টিক ও জেনারেল হাসপাতালে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান হাসপাতালে সংগৃহীত রক্ত সংগ্রহের তারিখ উল্লেখ নেই। এ ছাড়া রক্তদাতার নামও উল্লেখ নেই। সংগৃহীত রক্ত মেয়াদোত্তীর্ণ। তা ছাড়া এই হাসপাতালের অনুমোদনও নেই। আদালত একই এলাকায় উত্তরা হার্ট ফাউন্ডেশন নামে আরেকটি হাসপাতাল খুঁজে পান, যেটি অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন বলেন, দুটি হাসপাতালের ছয়জনকে আটক করলে তাঁরা অপরাধ স্বীকার করেন। এ কারণে আদালত ছয়জনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক থেকে দুই মাস করে কারাদণ্ড দেন। আদালত জরিমানার ছয় লাখ টাকা আদায় করেন।