দুটি হিমাগারে ৫৫ হাজার মণ ইলিশ মজুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ সামনে রেখে চাঁদপুরের দুটি হিমাগারে মজুত রয়েছে প্রায় ৫৫ হাজার মণ ইলিশ। ক্রেতা না থাকায় হতাশ হয়ে পড়েছেন হিমাগার মালিকেরা। সেই সঙ্গে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ইলিশ ব্যবসায়ীরা।
জানা গেছে, চাঁদপুর সি ফুড করপোরেশনে মজুত রয়েছে প্রায় ৩৫ হাজার মণ ইলিশ এবং খন্দকার ফিশ প্রসেসিংয়ে রয়েছে প্রায় ২০ হাজার মণ ইলিশ। চাঁদপুর সি ফুড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহীদুর রহমান চৌধুরী জানান, রপ্তানি করা ছাড়াও প্রতি বছরই বৈশাখে পান্তা ইলিশের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনার রুপালি ইলিশ তাঁর হিমাগারে মজুত করেন। এ বছরও ৫০ হাজার মণ ইলিশ মজুত করেন। এক দিন বাদেই পয়লা বৈশাখ। কিন্তু এখনো তাঁর হিমাগারে ৩৫ হাজার মণ ইলিশ রয়েছে। ক্রেতা না থাকায় এসব ইলিশ নিয়ে রয়েছেন চরম দুশ্চিন্তায়। এর মধ্যে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশই বেশি মজুত রয়েছে।
শাহীদুর রহমান আশঙ্কা করছেন, এবার তিনি কেনা দামেও এসব ইলিশ বিক্রি করতে পারবেন না। কারণ হিসেবে বলেন, ঝড়-তুফান না হওয়ায় সাগর শান্ত। জেলেরা সাগরে প্রচুর ইলিশ ধরছেন। এ কারণে হিমাগারে সংরক্ষিত ইলিশের চাহিদা কমে গেছে। ভারতেও ইলিশ রপ্তানি করা যাচ্ছে না।
চাঁদপুর খন্দকার ফিশ প্রসেসিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক খন্দকার জানান, তাঁর হিমাগারে এখনো প্রায় ২০ হাজার মণ ইলিশ রয়েছে। এর মধ্যে এক থেকে দেড় কেজি ওজনের প্রচুর ইলিশ রয়েছে। বাজারে চাহিদা না থাকায় কেনা দামের থেকে কম মূল্যে খুচরা বাজারে এসব ইলিশ বিক্রি করতে হচ্ছে। তিনি জানান, এখনকার নদী বা সাগরের ইলিশের চেয়েও মজুতকৃত ইলিশ স্বাদের ও তৈলাক্ত। এসব ইলিশ ১০ কেজি করে প্যাকেটজাত করা রয়েছে। সহজেই তা বহন করা যায়।