দুটি 'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এবার ‘বোমা মেশিন’ মালিকেরা আরেক অভিনব কৌশলে মেশিন চালানো শুরু করেন। খবর পেয়ে গত সোমবার রাতে অভিযান চালিয়ে দুটি ‘বোমা মেশিন’ ধ্বংস ও এর যন্ত্রাংশ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ইউএনও নূর কুতুবুল আলম থানার একদল পুলিশ সদস্য নিয়ে পাটগ্রাম ইউপির পেদিরপাড়ার গ্রামের ধরলা নদীতে অভিযান চালান। সেখানে বালুর স্তরের প্রায় চার ফুট নিচে রাখা দুটি মেশিন ও এর যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে জব্দ করা ওই মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা যন্ত্রাংশ থানায় জমা দেওয়া হয়।
ইউএনও নূর কুতুবুল আলম বলেন, মেশিন মালিকেরা অভিযানের খবর পেয়ে বালুর স্তূপ চার ফুট গর্ত করে লুকিয়ে রাখেন মেশিন। মেশিন মালিকেরা যত কৌশল করুক, সব মেশিন উচ্ছেদের জন্য জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান রাতে জোরদার করা হয়েছে।
৭ মার্চ বিশাল বাংলায় ‘এবার অভিযান রাতে, আটটি মেশিন ধ্বংস ও একজনের দণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন ও গত ২৯ ফেব্রুয়ারি ‘রাতচোরা’ কৌশলে পাথর-বালি উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।