দুটি 'মাদকাসক্ত নিরাময়কেন্দ্র' সিলগালা
লাইসেন্স ছাড়াই মাদকাসক্ত নিরাময়কেন্দ্র পরিচালনা করার অভিযোগে গতকাল রোববার রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। প্রতিষ্ঠানগুলো হলো গোল্ডেনওয়ে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র ও নতুন আশা মাদকাসক্তি নিরাময়কেন্দ্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের একটি দল দক্ষিণখানের কাওলা এলাকার শিয়ালডাঙ্গায় গোল্ডেনওয়ে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে অভিযান চালায়। সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি পাঁচটি কক্ষ নিয়ে টিনের ছাউনিতে এই মাদকাসক্তি নিরাময়কেন্দ্রটি চালিয়ে আসছিলেন। বিকেল চারটা পর্যন্ত চলা এই অভিযানে অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময়কেন্দ্রটি সিলগালা করে দেন কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকারী অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম গতকাল বলেন, লাইসেন্স ছাড়াই সাইফুল ইসলাম গোল্ডেনওয়ে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র চালাচ্ছিলেন। আগে মাদকাসক্ত ছিলেন, এখন সুস্থ এমন লোকজন দিয়ে ২৫ মাদকাসক্ত তরুণকে চিকিৎসা দেওয়াচ্ছিলেন সাইফুল। মাদকাসক্তি নিরাময়ের পরিবর্তে ভুয়া চিকিৎসকেরা এখানে মাদক সেবন করতেন। অভিযানের আভাস পেয়ে মালিক ও ভুয়া চিকিৎসকেরা পালিয়ে যান। পরে মাদকাসক্ত তরুণদের তাঁদের অভিভাবকদের জিম্মায় দিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিকসহ অন্যদের পুরো ঠিকানা না পাওয়ায় মামলা করা যায়নি। ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের একই দল বিকেল চারটার দিকে উত্তরখানের মধ্যপাড়ায় নতুন আশা মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই একটি বাড়ির পাঁচটি কক্ষ ভাড়া নিয়ে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রটি চালিয়ে আসছিলেন একাধিক ব্যক্তি। কাওলা এলাকার গোল্ডেনওয়ে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের মতোই চিকিৎসক ছাড়াই নতুন আশা নামের এই প্রতিষ্ঠানটিতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অভিযানের খবরে মালিক ও ভুয়া চিকিৎসকেরা পালিয়ে যান। এখানে থাকা ২৫ মাদকাসক্ত তরুণকে তাঁদের অভিভাবকদের জিম্মায় দিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।