দুটিতে আ.লীগের 'বিদ্রোহী' বিএনপির 'ডামি' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়টি ইউনিয়নের মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে দলের ‘কৌশলের অংশ হিসেবে’ বিএনপি দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ‘ডামি’ প্রার্থী দিয়েছে।

দলীয় সূত্র জানায়, উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান উদ্দীন। একই পদে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এস এম আবদুল করিম, দলীয় কর্মী ইলিয়াছ আলী ও ছাত্রলীগের সাবেক নেতা মাজহারুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মুরাদপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাহেদ হোসেন নিজামী। ওই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান এস এম রেজাউল করিম ও দলীয় কর্মী তাজুল ইসলামও মনোনয়নপত্র জমা দেন।
এস এম রেজাউল করিম বলেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া কৌশলে তাঁকে মনোনয়নবঞ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর যথেষ্ট জনসমর্থন থাকায় তিনি প্রার্থী হয়েছেন।
অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কেন্দ্রঘোষিত প্রক্রিয়ায় দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। তিনি বলেন, দুটি ইউনিয়নে তাঁদের একাধিক বিদ্রোহী প্রার্থী আছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হতে পারে। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি সূত্র জানায়, মুরাদপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী হয়েছেন মো. সালাউদ্দীন। সেখানে মহররম আলী ও মো. মহিউদ্দীন নামের দুজন ডামি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে কুমিরা ইউনিয়নে বিএনপির প্রার্থী হেলাল উদ্দীন। সেখানে ডামি প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আনোয়ারুল আজিম।
তবে আনোয়ারুল আজিম বলেন, তাঁরও নির্বাচন করার অধিকার আছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একজন নেতা প্রথম আলোকে বলেন, দলীয় প্রার্থীদের মনোনয়ন বৈধ হলে ডামি প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম বলেন, দলের কৌশলের অংশ হিসেবে ওই তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা যথাসময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।