দুটিতে জয়ী আ.লীগ, অপরটিতে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। এ ছাড়া নেত্রকোনোর আটপাড়া উপজেলা পরিষদের নির্বাচনেও ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন বলে জানা গেছে। গতকাল রোববার এ তিনটি উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসবের মধ্যে ফুলগাজীতে কেবল চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়েছে।
এদিকে এ তিন উপজেলাতেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, অবৈধ প্রভাব বিস্তার করা, জাল ভোট প্রদানসহ নানা অভিযোগ পাওয়া গেছে। ফুলগাজী ও মেহেন্দীগঞ্জে ভোট গ্রহণ শুরুর পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তা ছাড়া ভোটারদের উপস্থিতিও ছিল খুবই কম।
এ ছাড়া গতকাল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও খুলনার দিঘলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ফুলগাজী: বেসরকারি ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল আলিম। তিনি পেয়েছেন ৪৭ হাজার ২৬৬ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন ওরফে মিনার চৌধুরী পান চার হাজার ২৮৯ ভোট। আবদুল আলিমের বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মিনার চৌধুরীর পক্ষে দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম পেয়েছেন ৩৫৮টি ভোট।
গত ২০ মে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে ফুলগাজীর চেয়ারম্যান একরামুল হককে হত্যা করায় পদটি শূন্য হয়। মিনার চৌধুরী এ-সংক্রান্ত হত্যা মামলার প্রধান আসামি।
ভোটকেন্দ্রগুলো সকাল থেকেই ছিল অনেকটা ফাঁকা। গত শনিবার রাতে বিভিন্ন স্থানে বোমাবাজিতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সকাল নয়টা ৪০ মিনিটে হাসানপুর শাহআলম চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। সেখানে তিন হাজার ৫৪০ ভোটের মধ্যে তখন পর্যন্ত ভোট পড়ে মাত্র ৯৭টি। এর পর দক্ষিণ আনন্দপুর ও উত্তর আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়, আলী আজম উচ্চবিদ্যালয় ও কলেজ, কমুয়া প্রাথমিক বিদ্যালয়, ফুলগাজী সরকারি কলেজ, ফুলগাজী পাইলট হাইস্কুল, নিলক্ষী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি। বন্দুয়া দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে কিছু ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে জানান সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নুরুল করিম।
কেন্দ্র দখল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে আবদুল আলিম নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করেন।
মেহেন্দীগঞ্জ: চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মনসুর আহমেদ এক লাখ নয় হাজার ৭৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ইসলামী আন্দোলন-সমর্থিত প্রার্থী মেজর মোহাম্মদ নাসির পেয়েছেন ছয় হাজার ৮৬৭ ভোট।
চলতি বছরের শুরুর দিকে কয়েক দফায় সারা দেশে উপজেলা নির্বাচন হলেও সীমানা নির্ধারণ জটিলতার কারণে মেহেন্দীগঞ্জে তখন নির্বাচন হয়নি। গতকাল নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। মনসুর আহমেদ বাদে বাকিরা সবাই ভোটারদের ভয়ভীতি দেখানো ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে ভোট গ্রহণ শুরুর দেড় ঘণ্টার মধ্যেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এঁদের একজন হলেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দল-সমর্থিত প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম ওরফে লাবু। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ক্যাডাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সব কেন্দ্র দখল করে নিয়ে তাঁর নেতা-কর্মীদের পিটিয়ে বের করে দিয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে শুনেছি। কিন্তু কোনো প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ করেননি।’
আটপাড়া: নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাজি মোহাম্মদ খাইরুল ইসলাম। মেয়াদ দেরিতে পূরণ হওয়ার কারণে গতকাল এ পরিষদের ভোট গ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ছয়জন।
নির্বাচনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল কম। বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে জাল ভোট প্রদান ও ভোটারদের ওপর প্রভাব বিস্তার করার অভিযোগ ওঠে। তবে সহিংসতার খবর মেলেনি।
দুপুর ১২টার দিকে উপজেলা সদরের বানিয়াজান সিটি পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কেশব রঞ্জন সরকার অভিযোগ করেন, দুওজ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে।
আর ভোট গ্রহণ শেষে বিএনপি-সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম জানান, তিনি পুনরায় নির্বাচনের জন্য সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: ফেনী ও বরিশাল অফিস এবং কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি}