মেয়র পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে চট্টগ্রামের ১০টি পৌরসভার মধ্যে দুটিতে তৃণমূলের সুপারিশ উপেক্ষা করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। রাউজান ও সাতকানিয়া পৌরসভায় তৃণমূলের প্রার্থী বদল করেছে কেন্দ্র।
দলীয় সূত্র জানায়, রাউজান পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী এবং সাতকানিয়ায় বর্তমান পৌর মেয়র মোহাম্মদুর রহমানের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু কেন্দ্র থেকে রাউজানে দেবাশীষ পালিত এবং সাতকানিয়ায় মো. জোবায়েরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দেবাশীষ পালিত গত নির্বাচনে বিএনপি-সমর্থিত বিজয়ী মেয়র প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেখানে শফিকুল ইসলাম চৌধুরী তৃতীয় হন। আর জোবায়ের গত নির্বাচনে সাতকানিয়ায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে বিএনপি-সমর্থিত মোহাম্মদুর রহমান জয়ী হন। মোহাম্মদুর রহমান সম্প্রতি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তৃণমূল থেকে তাঁর নাম সুপারিশ করে কেন্দ্র পাঠানো হয়েছিল।
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের পাঠানো তালিকা থেকে রাউজানের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরীর নাম বাদ পড়েছে। কেন্দ্র সেখানে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিতকে প্রার্থী ঘোষণা করেছে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা চারটি পৌরসভায় চারজনের নাম সুপারিশ করে কেন্দ্রে নাম পাঠিয়েছিলাম। সেখানে শুধু সাতকানিয়ার প্রার্থী পরিবর্তন করে মো. জোবায়েরকে মনোনয়ন দিয়েছে। জোবায়ের গত পৌর নির্বাচনেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন।’
রাঙ্গুনিয়ায় বিদ্রোহ: রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে উত্তর জেলার নেতারা দুজনের নাম কেন্দ্রে পাঠান। তাঁরা হলেন উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার। কেন্দ্র শাহজাহান সিকদারকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ কামরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
জানতে চাইলে কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘দল থেকে মনোনয়ন চেয়েছি। কিন্তু দল তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। পৌরবাসীর স্বার্থে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে শাহজাহান সিকদার বলেন, ‘কামরুল সাহেবের নির্বাচন করার অধিকার আছে। তবে তিনি আমার আপন ভাতিজি জামাই। বিষয়টা আমরা পারিবারিকভাবে মীমাংস করব। তিনিও মীমাংসার দিকে আসবেন বলে আমি আশাবাদী।’