বরিশালের মেহেন্দীগঞ্জ, উজিরপুর ও হিজলা উপজেলার তিনটি এবং বরগুনার তালতলী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট হয়েছে।
ভোটে অনিয়ম ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে উজিরপুর উপজেলার শিকারপুর ইউপির বিএনপির প্রার্থী কামরুজ্জামান ও মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর ইউপিতে আমির হোসেন দেওয়ান ভোট বর্জনের ঘোষণা দেন। একই অভিযোগে চানপুরে আওয়ামী লীগের প্রার্থী মাহে আলম ঢালীও ভোট বর্জন করেন।
চানপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মাহে আলম ঢালী সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছু পর আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাহাউদ্দীন ঢালী ও তাঁর সমর্থকেরা। এমনকি স্থানীয় সাংসদ পংকজ কুমার নাথের নির্দেশে ভোটের আগে থেকে আমার কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। গত সোমবার আমাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে বিদ্রোহী প্রার্থীর সমর্থক ক্যাডাররা।’
মাহে আলম ঢালী বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলামের সমর্থিত প্রার্থী। গতকাল বেলা দুইটায় বরিশাল শহরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে মাহে আলমকে নিয়ে সংবাদ সম্মেলন করেন মইদুল ইসলাম। সেখানে মইদুল ইসলাম চানপুর ইউপি নির্বাচনে সাংসদ পংকজ দেবনাথের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আনেন। ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নিয়ে চলছেন পংকজ দেবনাথ। নৌকার প্রার্থী দেখলেই সেখানে তিনি (পংকজ) বিদ্রোহী প্রার্থী দিচ্ছেন।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ পংকজ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মইদুল ইসলামের বিরুদ্ধে। মেহেন্দীগঞ্জে তিনি মনোনয়ন-বাণিজ্য করে বিএনপি-সমর্থিত প্রার্থীর হাতে নৌকা তুলে দিয়েছেন। তাই ৯০ শতাংশ আওয়ামী লীগ কর্মী মইদুলের বিরুদ্ধে গিয়েছেন। এখন মনোনয়ন-বাণিজ্যের টাকা ফেরত দিতে হবে ভেবে তিনি দিশেহারা। তাঁর মাথা খারাপ হয়ে গেছে। আর অভিযোগ করছেন আমার বিরুদ্ধে।’
একই রকম অভিযোগে চানপুর ইউপিতে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী আমির হোসেন দেওয়ান।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাহাউদ্দীন ঢালী অভিযোগ অস্বীকার করে বেলা সাড়ে এগারোটার দিকে বলেন, নিজেদের পরাজয় নিশ্চিত হয়ে ওই দুই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। কিন্তু এতে ভোট গ্রহণে কোনো প্রভাব পড়েনি। সাধারণ ভোটাররা দলে দলে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।’
শিকারপুর ইউপিতে বিএনপির প্রার্থী কামরুজ্জামান অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরু হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং সবগুলো কেন্দ্র থেকে তাঁর এজন্টদের বের করে দেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী মো. সরোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বিএনপির প্রার্থী আগাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তাঁর দাবি, নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে।
অপরদিকে হিজলার ধুলখোলা ইউপি ও বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউপিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়। এই দুই ইউপিতে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শিকারপুর ইউপিতে ভোটার ১১ হাজার ৮৬১ জন, ধুলখোলায় ৭ হাজার ৩২৭ জন, চানপুরে ১৫ হাজার ৫৩৬ জন এবং তালতলীর সোনাকাটায় ৮ হাজার ২০৮ জন।