ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকারের সহায়তা কর্মসূচির (এলজিএসপি) ছয়টি প্রকল্পের কোনো কাজ না করেই পুরো টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি প্রকল্পের কোনো অস্তিত্বই নেই। স্থানীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ হওয়ার কথা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে গত জুন মাসে ২০১০-১১ অর্থবছরের শেষের দিকে স্থানীয় সরকারের সহায়তা কর্মসূচির দ্বিতীয় কিস্তির ছয়টি প্রকল্পে এক লাখ টাকা করে ছয় লাখ টাকা রাস্তাঘাট ও স্যানিটেশনের জন্য বরাদ্দ হয়। সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চর কুশাইরচর থেকে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে চর কুশাই সেতু পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্প দেখানো হলেও ওই নামে কোনো সেতুর অস্তিত্ব নেই। এ ছাড়া মাহমুদপুর সেতু থেকে নুর মৌলভীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে আরও একটি প্রকল্প দেখানো হয়েছে। কিন্তু এ প্রকল্পেরও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।বাকি চারটি প্রকল্পের মধ্যে চর কুশাইরচর গ্রামে স্যানিটেশনের রিং ও স্লাব বিতরণের কোনো কাজই হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পেরও কোনো কাজ হয়নি বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান উদ্দিন জানিয়েছেন। এদিকে চর কুসুমহাটি গ্রামের নসি দেওয়ানের বাড়ি থেকে বনি আমিন শিকদারের বাড়ির মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কারের একটি প্রকল্প দেখানো হয়েছে। এ ব্যাপারে বনি আমিন শিকদার বলেন, তাঁর মসজিদের রাস্তায় কোনো কাজ হয়নি। এ ছাড়া চর কুশাইরচর পাকা রাস্তা থেকে ইসমাইল ফকিরের বাড়ি পর্যন্ত আরও একটি রাস্তা সংস্কারের প্রকল্পেরও কোনো কাজ হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। সরকারি নিয়ম অনুয়ায়ী প্রকল্পের টাকা ছাড় করাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সংরক্ষিত মহিলা সদস্যের যৌথ স্বাক্ষর লাগবে। কিন্তু মাহমুদপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান ইয়ানুছ আলী খান ও সচিব ইউসুফ আলীর স্বাক্ষর থাকলেও নারী সদস্যের কোনো স্বাক্ষর নেই। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইয়ানুছ আলী খান প্রকল্পের টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের কাজ সঠিকভাবে করাতে সচিব ও সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার জানামতে প্রকল্পগুলোর ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে। কোনো কাজই হয়নি—এ অভিযোগ সঠিক নয়।’দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।