দুটির ইজারা নিয়ে ১০টি মহালে বালু তুলছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর ১০টি বালুমহালের মধ্যে দুটির ইজারা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সব কটি থেকে অবৈধভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

অভিযোগ উঠেছে, চলতি বছর উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের নেতা-কর্মীরা একজোট হয়ে চক্র করে দুটি বালুমহাল বাদে অন্য বালুমহালগুলো ইজারা না নেওয়ার সিদ্ধান্ত নেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, সোনারগাঁ উপজেলার ১০টি বালুমহাল ১৪২০ সনের ৩০ চৈত্র পর্যন্ত ইজারা দেওয়ার জন্য গত ১৮ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু চর লাউয়াদী চর রমজান সোনাউল্লাহ-৬ বালুমহাল ও চর হোগলা বালুমহাল ছাড়া অন্য কোনো বালুমহালের দরপত্রে কেউ অংশ নেননি। চর রমজান সোনাউল্লাহ-৬ বালুমহালটি ১৪ লাখ ৭০ হাজার টাকায় ইজারা পান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাঈম এবং চর হোগলা বালুমহালটি ২৪ লাখ ৫০ হাজার টাকায় ইজারা পান উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নানের ছেলে নাছির উদ্দিন।

অনুসন্ধানে জানা গেছে, চলতি বছর উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের নেতা-কর্মীরা ব্যবসার স্বার্থে এক হয়ে চক্র গড়ে তোলেন। চক্রের সিদ্ধান্ত হয়, দুটি বালুমহাল ছাড়া এ বছর অন্য কোনো বালুমহালের ইজারায় কেউ অংশ নেবেন না। সে অনুযায়ী চলতি বছর ওই দুটি ছাড়া অন্য কোনো বালুমহালের ইজারায় কেউ অংশ নেননি। ইজারা দেওয়ার জন্য সর্বশেষ সাতবারের মতো গত ১৭ জুলাই দরপত্র বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গত শুক্রবার প্রথম আলোকে জানান, চলতি বছর দুটি বালুমহাল ৪০ লাখ টাকায় ইজারা নিয়ে সব কটি বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

জানতে চাইলে চর হোগলা বালুমহালের ইজারাদার নাছির উদ্দিন বলেন, ‘এ বছর আমরা দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছি। তাই সমঝোতার ভিত্তিতে দুটি মহালের ইজারায় অংশ নিয়েছি। আমরা দলের বেকার কর্মীদের ব্যবসা দিয়ে স্বাবলম্বী করেছি।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, অন্যান্য বছর পত্রিকায় একবার ইজারার বিজ্ঞপ্তি দেওয়ার পরই প্রায় অধিকাংশ বালুমহালের ইজারা সম্পন্ন হয়ে যায়। চলতি বছর সপ্তমবারের মতো ইজারা দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হলো। কেউ চক্র করে ইজারায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি না তা তাঁদের জানা নেই।

জেলা প্রশাসক বলেন, ‘দুটি মহাল ইজারা নিয়ে ১০টি বালুমহালেই অবৈধভাবে কিছু লোক বালু তুলছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত অবৈধ বালু উত্তোলনের দায়ে আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে জরিমানা ও খননযন্ত্র আটক করেন।’