ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগে কাউন্সিলর প্রার্থীরা ‘তরুণবান্ধব’ ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুরো ওয়ার্ডকে ‘ফ্রি ওয়াই-ফাই জোন’ বা বিনা মূল্যে ইন্টারনেট সেবার আওতায় আনা ছিল এসব প্রতিশ্রুতির অন্যতম।
গত ৩০ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজেট ঘোষণায় জানানো হয়, ডিএসসিসির ২৬ ও ৪৩ নম্বর ওয়ার্ডকে ফ্রি ওয়াই-ফাই হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ওয়ার্ড দুটিতে ঘুরে এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি ওয়ার্ডে এখনো ফ্রি ওয়াই-ফাই করা হয়নি। অন্য ওয়ার্ডটিতে ফ্রি ওয়াই-ফাই করার কথা বলা হলেও তা ব্যবহার করতে যে গোপন নম্বর (পাসওয়ার্ড) লাগে, তা সবাই জানেন না।
আজিমপুরের কিছু অংশ, ইডেন মহিলা কলেজ কোয়ার্টার, পলাশী ব্যারাক নিয়ে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ড গঠিত। গতকাল দুপুরে প্রায় দেড় ঘণ্টা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহার করা যায়, এমন মুঠোফোন নিয়ে ঘুরে দেখা গেছে, কয়েক জায়গাতেই ‘সজীব ওয়াজেদ’ নামের একটি ওয়াই-ফাই সংকেত মুঠোফোনে দেখা যায়। কিন্তু সেই সংকেত ব্যবহার করতে যে পাসওয়ার্ড লাগে, তা প্রায় কেউই জানেন না। এলাকার অন্তত ১৫ জন তরুণের কাছে ওয়াই-ফাই ব্যবহারের পাসওয়ার্ড জানতে চাইলে তাঁরা বলেন, এলাকাতে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে, তা জানেন না।
তাঁদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল নোমান বলেন, ‘ফ্রি যদি হয়, তাহলে সেটা ব্যবহার করার পাসওয়ার্ডটি সকলের জানার ব্যবস্থা করা উচিত। কার কাছে গিয়ে আবার ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড খুঁজব?’
ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলর হিসেবে কাজ শুরু করার পরে মে মাসের ১৯ তারিখে সম্পূর্ণ নিজের খরচে পুরো ওয়ার্ডকে ওয়াই-ফাই করেছি।’ পাসওয়ার্ডের বিষয়ে তিনি বলেন, ‘এলাকার বিভিন্ন জায়গায় কাগজে পাসওয়ার্ড লিখে লাগিয়ে দেওয়া হয়েছে।’ তবে গতকাল এলাকা ঘুরে এমন কাগজ দেখা যায়নি।
পুরান ঢাকার নর্থব্রুক হল রোড, প্যারীদাস লেন, ফরাশগঞ্জ লেন ও আশপাশের কয়েকটি লেন নিয়ে ডিএসসিসির ৪৩ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত। গতকাল এ ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে কোথাও ফ্রি ওয়াই-ফাই সংকেত পাওয়া যায়নি।
এ ওয়ার্ডের কাউন্সিলর মো. আরিফ হোসেন বলেন, ‘আমার ওয়ার্ড এখনো ফ্রি ওয়াই-ফাই করতে পারিনি। আরও তিন মাসের মতো সময় লাগবে। ডিএসসিসির বাজেটে বক্তৃতায় সম্ভবত ভুল হয়েছে।’
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ৪৩ নম্বর ওয়ার্ড তো এখনো ফ্রি ওয়াই-ফাই হয়নি। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকার সব গণপরিসরকে ফ্রি ওয়াই-ফাই জোন করা হবে।
গত ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের পরে সাড়ে তিন মাসের বেশি অতিবাহিত হলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো ওয়ার্ডই ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আসেনি।