দুটির তারিখ পরিবর্তন, একটিতে অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতি, রোববার ও সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর করা হয়েছে।
এদিকে হরতালের মধ্যেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় আগামী ৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী বৃহস্পতি, রোববার ও সোমবারের স্থগিত সব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা: গতকাল বুধবার বেলা দেড়টায় উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি কমিটির সদস্য, বিভিন্ন স্কুলের ডিন ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়েছে, অনিবার্য কারণবশত ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন সময়সূচিতে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়সূচিতে ৩১ অক্টোবর শুক্রবার সকাল নয়টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কলা ও মানবিক স্কুল, বেলা দুইটা ৩০ মিনিট থেকে বিকেল চারটা ৩০ মিনিট পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুল, ছয়টা থেকে সন্ধ্যা সাতটা ৩০ মিনিট পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা হবে। ১ নভেম্বর সকাল নয়টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, বিকেল পাঁচটা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা হবে। তবে পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস অপরিবর্তিত থাকবে।
দিনাজপুর: গতকাল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরতালের কারণে কোনো পরীক্ষা পেছানো হবে না। ভর্তি পরীক্ষার সব ইউনিটের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হবে। আসনবিন্যাসও অপরিবর্তিত থাকবে। ভর্তি-ইচ্ছুকদের যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদনের সময় আগামী ৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে গতকাল বুধবার বেলা ১১টায় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মো. মজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ত্রুটি দেখা দেওয়ায় অনেকে আবেদন করতে পারেননি। এ জন্য সময় বাড়ানো হয়েছে।