শেখ হাসিনার ১৯৮১ সালে দেশে ফেরার সঙ্গে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সম্পর্ক আছে কি না তা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে জিয়া হত্যার তদন্ত করা হবে।
গত সোমবার গণভবনে আওয়ামী লীগের যৌথসভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বেঁচে থাকলে জিয়াউর রহমানকেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসািম করা হতো। তাঁর এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বিএনপি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে৷
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন ১৭ মে। জিয়াউর রহমান শহীদ হয়েছেন ৩০ মে। তাহলে শেখ হাসিনার দেশে ফেরা ও জিয়াউর রহমানের নিহত হওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে বলে বিএনপি মনে করে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে।’
বিএনপি দুই দফা ক্ষমতায় থাকার সময় এ নিয়ে কেন তদন্ত হয়নি— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘তখনো কিছু তদন্ত হয়েছিল। এখন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।’
মুজিব হত্যায় আওয়ামী লীগ নেতারাই জড়িত—এ কথা ‘ঐতিহাসিক সত্য’ দাবি করে মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবের মৃত্যুর পর তাঁর আস্থাভাজন মোশতাকই রাষ্ট্রপতি হয়েছিলেন৷ আওয়ামী লীগের নেতারাই মন্ত্রী হয়েছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, শেখ মুজিবকে হত্যার পরে মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছেন। শেখ মুজিবকে হত্যার সময় কে এম সফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন। এ কে খন্দকার বিমানবাহিনীর প্রধান ছিলেন। পরে তাদের এমপি-মন্ত্রী বানিয়েছেন শেখ হাসিনা। তাহলে কি শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত? এটা কোনো যুক্তির কথা নয়।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, খুন, গুম, অপহরণের ঘটনা থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য প্রধানমন্ত্রী ‘অসত্য ইস্যুকে’ সামনে নিয়ে এসেছেন। তিনি বলেন, বিএনপির রাজনীতি এবং জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে অপপ্রচার চলছে৷ এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল দাবি করেন, এই সরকারের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানকে ধানমন্ডির বাড়িতে হামলা চালিয়ে সপরিবারে হত্যা করে৷ তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান৷
‘বেশি সময় আপনার হাতে নেই’: প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘বেশি সময় আপনার হাতে নেই৷ মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষ ভোট দিলে আবার ক্ষমতায় আসবেন৷ দখলদারি বেশি দিন চলতে পারে না৷’ গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আনোয়ার এ কথা বলেন৷ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এ সভার আয়োজন করে৷
অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করা হয়৷ এর আগে গত ২৯ মে বিএনপির এক আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানকে ‘দেশের প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল৷