দুদক আইন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদক আইন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে টিআইবি। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন প্ল্যাকার্ডে জাতীয় সংসদে গত ২৮ ফেব্রুয়ারি উত্থাপিত দুর্নীতি দমন কমিশন (প্রস্তাবিত সংশোধনী) আইনের অধিকাংশ প্রস্তাবনা সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং প্রস্তাবনাগুলো একটি স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠনে জনগণের প্রত্যাশা ও চাহিদার পরিপন্থী বলে উল্লেখ করা হয়। সংসদে উত্থাপিত দুদক (সংশোধনী) আইন বিল পুনর্বিবেচনা ও এ বিষয়ে জনমত সংগ্রহের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টিআইবি কমিশনের ক্ষমতা চর্চা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে দুদক আইন ২০০৪-এর ৩৬ নম্বর অনুচ্ছেদ বাতিল, কমিশনের নিজস্ব সাংগঠনিক কাঠামো নির্ধারণ, সকল পর্যায়ের কর্মী নিয়োগ এবং বাজেট প্রণয়ন ও ব্যয়ের পূর্ণ ক্ষমতা কমিশনকে দেওয়ার সুপারিশ করেছে। ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানের প্রায় ১০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।