দুদক আইন সংশোধনের অধিকাংশ সুপারিশে দ্বিমত চেয়ারম্যানের
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনের জন্য গঠিত কমিটির অধিকাংশ সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান।গোলাম রহমান জানান, দুদক আইন সংস্কারের জন্য সরকার সম্প্রতি একটি কমিটি গঠন করেছে। তিনি বলেন, এটি বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে, যা দুদকের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা হতে পারে। গতকাল সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।চেয়ারম্যান যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেন, তার একটি হচ্ছে দুদককে সরাসরি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ করার সুপারিশ। দুদক আইনের ২৪ ধারায় ‘এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কমিশনারগণ এই আইনের অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন’ বাক্যের শেষে ‘এবং তাদের কার্যাবলীর বিষয়ে রাষ্ট্রপতির নিকট দায়ী থাকিবেন’ শব্দগুলো সংযোজন করার সুপারিশ করেছে কমিটি।দুদকের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকব। দুদক রাষ্ট্রপতির কাছে প্রতিবছর এমনিতেই প্রতিবেদন দেয়। নতুন করে আর এমন আইন করার প্রয়োজন নেই।’ধারা ১৬-এর উপধারা ১-এ বলা হয়েছে, কমিশনের একজন সচিব থাকবেন, ‘যিনি কমিশন কর্তৃক নিযুক্ত হইবেন, এবং তিনি কমিশনের মুখ্য হিসাব কর্মকর্তা হইবেন।’ এ ব্যাপারে দুদকের চেয়ারম্যান বলেন, স্বাধীন কমিশনের ধারণার সঙ্গে এটি সংগতিপূর্ণ নয়। তবে কমিশনের অনুরোধ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে প্রেষণে কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়া যেতে পারে এবং এ বিধান কমিশনের চাকরিবিধিতে রয়েছে।এ ছাড়া দুদকের কর্মকাণ্ড পরিচালনার জন্য যেন সহজভাবে ব্যাংক থেকে তথ্য-উপাত্ত পাওয়া যায়, সে বিষয়ে সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন গোলাম রহমান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা অধ্যাদেশ জারি করে দুদককে শক্তিশালী করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ওই অধ্যাদেশ পাস না করায় নতুন করে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৪ সালের দুদক আইনে কিছুটা অসামঞ্জস্য ও ঘাটতি আছে। এ কারণে কমিশনের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার এমন কোনো আইন করবে না, যাতে কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা খর্ব হয়।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সরকার দুদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তবে অন্য কমিশনগুলো যেভাবে আইনি কাঠামোর অধীনে কাজ করে, দুদককেও তা করতে হবে। দুদক আইন সংস্কারের বিষয়ে কমিশন ও সরকার গঠিত কমিটি উভয়ের প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।