দুদক আইন সংশোধনের নিন্দা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন সংশোধনের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, এর ফলে প্রতিষ্ঠানটি কার্যত অকেজো হয়ে পড়বে। আর দুদকের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের বিষয়টি আইনি বৈধতা পাবে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সংশোধনীর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। ফলে সামগ্রিকভাবে দেশের দুর্নীতির গতি অনেক বেড়ে যাবে।
সিপিবির নেতারা দ্রুত এই সংশোধনী বাতিল করে দুদককে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নির্বাচন কমিশনারের বক্তব্য প্রত্যাখ্যান: রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে বলে গত সোমবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ যে বিবৃতি দিয়েছেন, সিপিবির নেতারা তা প্রত্যাখ্যান করেছেন।
গতকাল দেওয়া আরেক বিবৃতিতে তাঁরা বলেন, প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা না বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আচরণবিধির খসড়া করা হয়েছে। বিভিন্নভাবে নির্বাচন কমিশন নিজেকে বিতর্কিত করার অসুস্থ খেলায় মেতেছে বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।
বিবৃতিতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা, ‘না’ ভোটের বিধান যুক্ত করাসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি করা হয়।
বাম মোর্চার বিবৃতি: গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা বলেছেন, সংশোধিত আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা ও ক্ষমতা কেড়ে নিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। এই সংশোধিত আইন দুর্নীতিকে রাষ্ট্রীয় প্রণোদনা জোগাবে। বাম মোর্চার কেন্দ্রীয় নেতারা গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, মন্ত্রী-আমলাদের যোগসাজশে স্বাধীনভাবে দুর্নীতি তদন্তে দুদকের ক্ষমতা বাতিল করা হয়েছে। সরকারি দলের উদ্যোগে গৃহীত এই আইন যে নিজেদের চামড়া বাঁচানোর উদ্দেশ্যে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। বিজ্ঞপ্তি।